আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীর পদত্যাগ দাবি করেছে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।
বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে এই কর্মকর্তাদের প্রতিবাদ সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগের দাবি উঠে।
এ সভায় প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন কামাল জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীর উদ্দেশ্যে বলেন, ‘আপনি তো পরীক্ষা দিয়ে পদোন্নতি নেননি। যেহেতু আপনি এ কাজ করেছেন, আপনি অবিলম্বে সংস্কার কমিশন থেকে পদত্যাগ করেন।’
আর তাতে সমর্থন জানান সভায় উপস্থিত কর্মকর্তারা।
জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা বাধা হিসেবে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের জানান, উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করবেন তারা।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহর সভাপতিত্বে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বক্তব্যের মধ্যে দিয়ে এ প্রতিবাদ সভা শুরু হয়।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে এই প্রতিবাদ সভা হচ্ছে।
সভায় প্রশাসন ক্যাডারের বিপুলসংখ্যক কর্মকর্তা অংশ নিয়েছেন। ‘জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের’ বিরুদ্ধে বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক-বর্তমান কর্মকর্তারা এ সভা ডেকেছেন।
প্রথম বক্তা হিসেবে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, ‘উপসচিব পদে এই ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা এটাও আমাদের দেখতে হবে।’
সভায় বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার ও বাসা মহাসচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচক হিসেবে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অমিয়/




