জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুলকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বিজিবি সদর দপ্তরে আহত রাতুল ও তার অভিভাবকের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ইয়াসির জাহান হোসেন।
এর আগে নিজের চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে উত্তরা ৭নং সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্ট খোলার ইচ্ছা পোষণ করে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রাতুল। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে আসলে তাদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
গেল ৮ ডিসেম্বর বিজিবি সদর দপ্তরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৭ জন অসহায় ছাত্র-জনতাকে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এসময় বিজিবির পক্ষ থেকে সারাদেশে ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এরই ধারাবাহিকতায় আজ আহত রাতুলকে আর্থিক সহায়তা প্রদান করা হলো।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতার পাশে থেকে সহযোগিতা প্রদান করেছে বিজিবি। আন্দোলনে আহত ৪২ জন ছাত্র-জনতাকে ইতোমধ্যে বিজিবি'র নিজস্ব উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় বর্ডার গার্ড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
তুলি/সিফাত/