বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে যে শিক্ষা প্রয়োজন তা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। জুলাই আন্দোলনে আহতদের কাছ থেকে প্রকৃত দেশপ্রেমশেখা সম্ভব। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করতে হবে- কেন হাজার হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৩৪ জন শিক্ষার্থীকে প্রফেসর আসিফুল হক খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের (শিক্ষার্থী) মধ্যে আজ যারা বৃত্তি পেয়েছো, ভালো রেজাল্ট করেছো- এ কারণে অতিরিক্ত খুশি হবার দরকার নেই। আবার যারা অপেক্ষাকৃত কম সিজিপিএ পেয়েছ, তোমরাও ব্যথিত হওয়ার কোনও কারণ নাই। তোমাদের কাছে কি ডিগ্রি বা সিজিপিএ আছে তার চেয়েও দেশের জন্য তোমরা কি করতে পারবে সেটা বড় কথা।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান, সাবেক কম্পট্রোলার অডিটর জেনারেল ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
সিফাত/