ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলা করবে বলে জানিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা৷ আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়৷
প্রতিষ্ঠানটির যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলা করার জন্য পুলিশকে আমরা বলব। মামলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হবে। ভিডিও ক্যামেরাগুলো আছে আমাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে৷ এখানেতো সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকা সম্ভব নয়৷ সেজন্য আমরা একটা ক্যাবলের মাধ্যমে পুলিশের দপ্তরে সংযোগ দেব; যাতে তারা সেখানে বসেই তদারকি করতে পারেন।
তিনি বলেন, মামলার তথ্যের উপর ভিত্তি করে একই গাড়ি তিন বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হবে।
নিরাপত্তা বিভাগের পরিচালক বলেন, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু করে। এর পর থেকে আমরা প্রধানত ৫টি সমস্যা মোকাবেলা করেছি। এগুলো হলো- ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি শেষ হয়ে যাওয়া, বিমানবন্দরের যাত্রীসেবা ও দুর্ঘটনা।
এক্সপ্রেসওয়েতে শুধু গত জানুয়ারি মাসেই ৯০টি গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। টায়ার ফেটে যাওয়ার ঘটনা ঘটে ৫১টি, জ্বালানি ফুরিয়ে যাওয়ার ২০টি ঘটনার বাইরে এ পর্যন্ত বড় আকারের ১০টি দুর্ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে বেশ কিছু দুর্ঘটনা এবং উদ্ধারের ভিডিও প্রদর্শন করা হয়৷
জয়ন্ত সাহা/অমিয়/