ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়মুখী সাবেক বিডিআর সদস্যদের মিছিলে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে এ ঘটনা ঘটে। এতে আন্দোলনরত সাতজন আহত হয়েছেন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা গতকাল দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবন মোড়ে বাধা দেওয়া হয়। তারা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যান। অল্প সময় পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর ১টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেড দেয়। তখন আন্দোলনকারীরা সড়কেই বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা অবরোধের পর মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করার পাশাপাশি জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। একপর্যায়ে আন্দোলনকারীরা দোয়েল চত্বরের দিকে সরে যান, পরে যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছেন। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
আহত বিডিআরের সাবেক সুবেদার ইসমাইল হোসেন বলেন, ‘দাবি আদায়ের জন্য কয়েক দিন ধরে আমরা আন্দোলন করে আসছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।’