ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অটোরিকশার একটি ডিজাইন নিয়ে কাজ করছে। এটি হলে অটোরিকশাচালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে। তবে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না।’
রবিবার (২৭ এপ্রিল) রাজধানীবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান। মিরপুর-১১ নম্বরের পলাশনগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন, আমরা সেগুলো বন্ধ করে দেব। আপনারা বাড়ি মালিক সমিতি থেকে উদ্যোগ নিন, আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে দেবেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা চেষ্টা করছি।’
রবিবার ডিএনসিসির ২, ৩, ৪, ও ৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় ৭টি প্যাকেজে পলাশনগর এলাকায় মোট ১১ কিমি রাস্তা, ৩৫ কিমি নর্দমা এবং ১৩ কিমি ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও পলাশনগর বাড়ি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমানসহ অন্যরা।




