রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকার শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০০ ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
রবিবার (১৮ মে) রাত ৮টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৮টা ১০ মিনিটে। মোট সাতটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার (১৮ মে) রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বস্তিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে সব ঘরই বাঁশ, কাঠ ও টিন দিয়ে নির্মিত। ঘরগুলোও ছোট। এমনকি চলাচলের রাস্তাও ছিল বাঁশের তৈরি। যে রাস্তায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাবেন, বাঁশের তৈরি ওই রাস্তায়ও আগুন ছিল। প্রথমে রাস্তার আগুন নিভিয়ে আমরা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।’
তিনি আরও বলেন, আগুনে অন্তত বস্তির ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষতিগ্রস্ত এলাকা সার্চ করা হবে।
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, এখনো আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। ঘরগুলো কাঠ, বাঁশ ও টিনের তৈরি। সবগুলোই দাহ্য পদার্থ। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও বস্তির বাসিন্দারা নিঃস্ব হয়ে পড়েছেন।