পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ঢাকার রামচন্দ্রপুর খালকে এবার টেকসইভাবে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খালকে বাঁচাতে হবে। কারণ এই খালকে এ এলাকার প্রাণ বলা যায়। কিন্তু খালটি মনুষ্য বর্জ্যে চরমভাবে দূষিত হয়ে পড়ছিল। এখন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে একে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার কাজ আমরা হাতে নিয়েছি। আশা করছি পরিচ্ছন্ন করার মাধ্যমে সামনে এ খালে স্বচ্ছ পানি প্রবাহিত হবে।’
শনিবার (২১ জুন) রামচন্দ্রপুর খাল পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন। রিজওয়ানা বলেন, ‘খালের সুন্দরটা দেখলে মানুষের মধ্যে খালটিকে রক্ষা করার একটা ইচ্ছা জাগবে। আর স্থানীয় জনগণকে যদি আমরা সম্পৃক্ত না করি তাহলে এটা কখনো টেকসই হবে না। এই খালে যেন বাসাবাড়ির বর্জ্য ফেলতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এ জন্য স্থানীয় জনগণকে এখানে ডাস্টবিন দেওয়া হয়েছে, তারা যেন ডাস্টবিনে ময়লা ফেলে।’
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি কার্যক্রম নয়, এটি নাগরিক দায়িত্ব। খাল রক্ষায় স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আইডিএলসির আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ফুটস্টেপ রামচন্দ্রপুর খালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে এবং এতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এক্সকাভেটরসহ লজিস্টিকস সহযোগিতা প্রদান করছে।