মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো তিনজনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো তিনজনের কোনাে জঙ্গি সংশ্লিষ্টতা নেই। তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছিল তাই ফেরত পাঠানো হয়েছে।’
রবিবার (৬ জুলাই) ঢাকার বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত সপ্তাহে মালয়েশিয়ান সরকার জানায়, সম্প্রতি সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চরমপন্থি উগ্রবাদী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
মালয়েশিয়া-ফেরতদের ইমিগ্রেশন পুলিশে না দিয়ে কেন এন্টি টেররিজম ইউনিটে দেওয়া হলো - এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ তাদেরকে রিসিভ করে এটিইউয়ের কাছে হস্তান্তর করে, এতে অসুবিধার কিছু নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই। আপনাদের সহায়তা নিয়ে তা নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। এই ১০ মাসে কোনো তথ্য আসেনি জঙ্গিবাদের। আগে ছিল, আপনারা তথ্য দিতে পারছেন। এখন নাই, তাই আপনারা দেন না।’
শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পরিদর্শন। কোনো অনুষ্ঠান ছিল না। পরিদর্শনে মূলত কীভাবে রপ্তানি করা হয়, সেটাই দেখা হচ্ছে। এনবিআরের সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে, সেখানে বড় একটি সুবিধা থাকবে। সেটি হলো- যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয়, পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যাবে। বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই।
অমিয়/




