রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ জুনায়েদের নামে চত্বর এবং শহিদ আনাসের নামে নামকরণ করা সড়ক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭জুলাই) দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে নতুন নামকরণ করা সড়ক ও চত্বরের নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। নামফলক উন্মোচনের পাশাপাশি এ সময় শহিদদের উদ্দেশ্যে দোয়া ও একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শহিদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ, মা সানজিদা খান এবং শহিদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসানসহ অন্যরা।
ডিএসসিসি সূত্র জানায়, রাজধানীর ধূপখোলা মাঠসংলগ্ন চত্বর কিশোর মেহেদী হাসান জুনায়েদের নামে নতুন নামকরণ করা হয়েছে। আন্দোলনকারীদের পানি খাওয়াতে নিজের মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যোগ দিয়েছিলেন।
১৪ বছরের জুনায়েদ। গত ৫ আগস্ট চানখাঁরপুলে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে সে শহিদ হয়। একই দিন শহিদ হয়েছিলেন শাহরিয়ার খান আনাস। আদর্শ একাডেমি গেন্ডারিয়ার দশম শ্রেণির এই ছাত্র মায়ের উদ্দেশ্য চিঠি লিখে বীরের মতো মৃত্যুকে আলিঙ্গন করতে নেমে এসেছিল চানখাঁরপুলের রাজপথে। তার নামে রাজধানীর দ্বীননাথ সেন সড়কের নতুন নামকরণ করা হয়েছে।
গত ৫ আগস্টের স্মৃতিচারণ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, চানখাঁরপুল হয়ে শহিদ মিনার যাওয়ার মুখে আমরা বিভিন্ন বাহিনীর হামলার শিকার হই। আমার খুব কাছাকাছি গলিতে আনাস ও জুনায়েদ শহিদ হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘আনাস ও জুনায়েদের মতো ১৪-১৫ বছরের বাচ্চারা একটি মন নিয়ে জন্মেছিল বলে অন্যায়কে মেনে নেয়নি।’