রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে আগামী ৫ আগস্ট সরকার জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা আসিফ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে। তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারো কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ই অগাস্ট যদি ঘোষণাপত্র দেওয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।
এর আগে অনুষ্ঠিত আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ।
এদিন বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় ২০২৪ সালের ১১ জুলাইতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।
সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী।
জহির শান্ত/মাহফুজ