জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় চলমান কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করার পর আবারও এর সময়সীমা বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার রাত ৮টা থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ পরিবাহ, গণমাধ্যম কর্মীরা কারফিউর আওতায়মুক্ত থাকবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান জানান, গোপালগঞ্জের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শনিবার রাত আটটা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছিল।
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত-শত নেতা-কর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনভর চলা এ সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।
এ ঘটনায় সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনে গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী ও কোটালীপাড়ায় ৩ হাজার ৪ জনকে আসামি করে পৃথক চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় নতুন করে ১১৯ জনকে গ্রেপ্তার করায় জেলায় এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে।
বাদল/মেহেদী/