বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ প্রশিক্ষণ কোন কোন এলাকায় হওয়া উচিত তা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে ভাবতে হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে পরিচালক ও চিকিৎসদের কাছে তিনি হতাহতদের বিষয়ে জানতে চান। এর পর বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
গতকাল সোমবার বেলা সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিক ইসলাম নিহত হয়েছেন। তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে রাখা আছে।
ঘনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, এই প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভবিষ্যৎ এ ধরণের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সব সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলব, ট্রেনিং কোথায় হবে, কোন চ্যানেলে করতে হবে সেটা নতুন করে দেখতে হবে। ঢাকা শহর ঘনবসতিপূর্ণ। এটা ভাবতে হবে।’
সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, পাইলটের ভুল বা কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজ বিধ্বস্ত হতে পারে। তবে উত্তরার ঘটনায় ব্ল্যাকবাক্স উদ্ধার না করা পর্যন্ত বিস্তারিত বলা ঠিক হবে না।
তিনি বলেন, ‘উড়োজাহাজগুলো পুরনো। এগুলো ট্রেনিং জেট। আমার জানামতে, এগুলো পুরনো হলেও ভেতরের অ্যাম্বিয়েন্ট ও কম্পোনেন্ট আপডেট করা হয়।’
জয়ন্ত সাহা/অমিয়/