রাজধানী গুলিস্তানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে দুটি ব্যানার টাঙানো হয়েছে।
প্রায় বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই কার্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। কাদের বা কোন সংগঠনের পক্ষ থেকে কার্যালয়ে এমন কার্যক্রম চলছে, তা কেউই নিশ্চিত করেননি। বুধবার (২৩ জুলাই) থেকে ১০ তলা এই ভবন পরিষ্কার করা শুরু হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দেখা যায়, কার্যালটিতে জমে থাকা মানুষের মলমূত্র ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কারের কাজ চলছে। দোতলার পর তৃতীয় তলার পরিচ্ছন্নতার কাজ চলছে। পরিষ্কারের কাজে নিয়োজিত ব্যক্তিরা জানান, পুরো ভবনটি তাদের পরিষ্কার করতে বলা হয়েছে। তারা সেটাই করছেন। তবে কে বা কারা এটা করতে বলেছেন, তারা তা জানেন না।
এদিকে কার্যালয়টির সামনে চেয়ার পেতে কিছু লোকজনকে আড্ডা দিতে দেখা গেছে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে অবস্থান করা ব্যক্তিরা বলেন, এই ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাতে ভবনটি বুঝিয়ে দেওয়া হবে। এখানে জুলাই-আগস্টের আন্দোলনে আহতরা অফিস করবেন। শহিদ পরিবারের অফিস করা হবে এটি। তবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে এই প্রতিষ্ঠানটি কে তৈরি করেছেন, এর সঙ্গে কারা যুক্ত, কীভাবে এই নাম এসেছে- এসব বিষয়ে জানতে চাইলে ওই ব্যক্তিরা কিছু বলতে রাজি হননি।
গুলিস্তানের ১০ তলাবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেছিলেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর ওই আগস্ট মাসজুড়ে চলে লুটপাট। তখন থেকে এই ভবনটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এবার নিয়ে এই কার্যালয়ের সামনে চার বার এ ধরনের ব্যানার টাঙানো হয়েছে।