মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। তবে এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনার বাজার। নতুন সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম বাড়ছে ৩ হাজার ৪৪৪ টাকা। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম দাঁড়াবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে এ দাম কার্যকর হবে।
আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ ১ সেপ্টেম্বর ভরিপ্রতি সোনার দাম বেড়েছিল ১ হাজার ৪৬৯ টাকা। চলতি বছরের ২৩ এপ্রিল ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম উঠেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
বাজুসের ঘোষণানুযায়ী, বৃহস্পতিবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।
আজ পর্যন্ত বাজারে ভরি প্রতি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকায় এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকায়।
সে হিসেবে বৃহস্পতিবার থেকে ভরি প্রতি দাম বাড়বে—২২ ক্যারেটে ৩ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯০৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২ হাজার ১২৩ টাকা।