নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন শাখার উপসচিব পর্যায়ের ৫ কর্মকর্তার দপ্তর বদল এবং ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা-১ শাখার উপসচিব জি এম সাহাতাব উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখায়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ শাখায়, বাজেট শাখার উপসচিব মো. হুমায়ুন কবিরকে নির্বাচনি সহায়তা ও সরবরাহ শাখায়, মানবসম্পদ উন্নয়ন কল্যাণ শাখার উপসচিব এম মাজহারুল ইসলামকে বাজেট শাখায় এবং উপসচিব এনামুল হককে সাধারণ সেবা-২ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর এ আদেশে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারকে বদলি করে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব করা হয়েছে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনকে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মাহবুব আলম শাহ্কে বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
এছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক মো. আতিয়ার রহমানকে বদলি করে একই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শাখার পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. অনিচ্ছুর রহমানকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলমকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হবে বলে ধরা হবে।
এলিস/এসএন