আগামী জাতীয় সংসদ নির্বাচনে পতিত সরকারের সিন্ডিকেট বা যারা সাপোর্ট করতো তারা দেশে বা দেশের বাইরে থেকে এআইকে বিভিন্ন আঙ্গিকে অত্যন্ত জোরালোভাবে ব্যবহার করবে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে সাংবাদিকদের জন্য নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এআই প্রসঙ্গে ঐকমত্য কমিশনের এই সদস্য বলেন, নির্বাচন কমিশন তাদের যে নীতিমালা করছে এআই নিয়ে কাঙ্ক্ষিত কিছুই ছিল না। নির্বাচনের সামনে এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) এর ব্যবহার বাড়বে। সেটাকে মোটিভেটেড ক্যাম্পেইন করার সম্ভাবনা প্রকট। সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে প্রস্তাব করেছিলাম টেকনিশিয়ান এক্সপার্টিসদের দিয়ে বিষয়টা দেখার, তাদেরও এই বিষয়ে দক্ষতা ছিল না। বর্তমানে তারা এই বিষয়টা নিয়ে কাজ করছে। এটা নিয়ে নির্বাচনের আগে একটা ক্যাপাসিটি বিল্ডিং করব। কিছু একটা দিতে পারি কি না আমাদের একটা প্রত্যাশা থাকবে।
প্রশিক্ষণ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রশিক্ষণে ইমপর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা হয়েছে এআই-এর বিষয়গুলো নিয়ে। আমরা নিজেরাই স্বীকার করি এটা নিয়ে আমাদের খুব বেশি ইনভলমেন্ট নেই। অন্যভাবে এই বিষয়ে আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছি। তারপরও চেষ্টা করছি সাংবাদিকতার সঙ্গে রিলেটেড একটা কোর্সের মতো কিছু করার। আলোচনা করে চেষ্টা করব নতুন করে কিছু একটা করার। এটা নিয়ে নির্বাচনের কাছাকাছি সময় কিছু একটা করা যায় কি না। নির্বাচনের সিডিউল ঘোষণা করার পর আমরা চেষ্টা করব এআই নিয়ে একটা ফলোআপ সেশন করা যায় কি না।
ডাটা জার্নালিজম প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণে এটা নিয়ে আরও অর্গাইজ ওয়েতে প্র্যাকটিক্যালি কিছু করা গেলে ভালো হতো। এটা নিয়ে কাজ করব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সহযোদ্ধা হিসেবে মনে করি। আমরা সবাই বস্তুনিষ্ঠ হওয়ার চেষ্টা করি। আমাদের লক্ষ একটাই, পাবলিক গুড বা জনকল্যাণই আমাদের মূল কাজ। যে ক্যাপাসিটি আছে সবগুলোই আমরা বিনিয়োগ করব পাবলিক গুডে।
আরএফইডি এর সভাপতি কাজী জেবেল বলেন, নির্বাচনের সামনে এমন একটা প্রশিক্ষণ নিঃসন্দেহে আমাদের আরও সমৃদ্ধ করবে। আসন্ন নির্বাচনের সামনে আমরা আশা করব এআইসহ নানা বিষয় নিয়ে আরও ট্রেনিং হবে। এই প্রশিক্ষণ নির্বাচনি সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এই প্রশিক্ষণ গুণগত নির্বাচনি সংশ্লিষ্ট সংবাদ তৈরিতে গুরুত্বপূর্ণ করবে। এতে সাংবাদিকদের পেশাদারত্ব আরও বাড়বে।
টিআইবি ও নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) যৌথভাবে দু’দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। আরএফইডি’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এলিস/মাহফুজ