সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৩৫৫টি আসন কমিয়ে ৫ হাজার ১০০টি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজসহ প্রথম আটটি কলেজ থেকে আসন কমানো হয়েছে ২৫টি করে।
সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের (চিকিৎসা শিক্ষা-১) সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনরায় বিন্যাস করা হয়েছে। এ পরিবর্তনের পর মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে তিনটি কলেজে কিছু আসন বাড়ানো হয়েছে। এতে মোট আসন কমেছে ৩৫৫টি।
পুনরায় বিন্যাসে ২৫টি করে আসন কমানোর তালিকায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিকেল কলেজ। আর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৩০টি থেকে পাঁচটি কমিয়ে আসন নির্ধারণ করা হয়েছে ২২৫টি। হবিগঞ্জ মেডিকেল কলেজের আসন কমিয়ে করা হয়েছে ৫০টি। নেত্রকোনা, নীলফামারী, নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজের আসনও ২৫টি করে কমিয়ে ৫০টি করা হয়েছে।
এদিকে তিনটি কলেজে আবার আসন বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫টি করে বাড়িয়ে ১২৫ এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে আসন নির্ধারণ করা হয়েছে ১০০টি।
তবে অন্যান্য সরকারি মেডিকেল কলেজের আসন অপরিবর্তিত রাখা হয়েছে। কুমিল্লা, খুলনা, বগুড়া শহিদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে আসন রয়েছে ২০০টি করে।
পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর এবং মুগদা মেডিকেল কলেজে আসন ১০০টি করে। গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে আসন নির্ধারণ করা হয়েছে ৭৫টি।
সুমন/