ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০০০ চেকপোস্ট বসানো হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অগ্রগতি পর্যালোচনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
এছাড়াও লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমন উদ্দেশ্যে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ অপারেশনের মাধ্যমে গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ৬৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এ অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গানপাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্টমূলে ৬৯০৭ জনসহ সর্বমোট ১৩৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে যৌথ বাহিনী (পুলিশ, র্যাব ও বিজিবি) গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহম্মেদ শিপন এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অতিদ্রুত এ ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে এ বিষয়ে এখনি বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি- এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং তাকে (মূল হোতাকে) খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী পাঁচজনকে (স্ত্রী ও শ্বশুরসহ) আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে।রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে বিস্তারিত অবহিত করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও সভায় আলোচনা হয়েছে। আপনারা জানেন, ইতোমধ্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এ নির্বাচনসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে একইভাবে জকসু নির্বাচনও সুষ্ঠু, নিরাপদ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গুলশান, বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে, সে বিষয়ে ডিএমপি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাছাড়া এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা; গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি ও নিবিড়করণ; রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাসমূহের নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা; ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা; পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকা দুইটির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়ে হত্যার ঘটনায়ও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে ২০০০ চেকপোস্ট বসানো হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন যানবাহন (প্রাইভেট কার, মোটরসাইকেল ইত্যাদি) তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ তিন ভাগের দুই ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বডি-ওয়ার্ন ক্যামেরার ব্যবহার বিষয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তাছাড়া সভায় সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা; সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ; জুলাই হত্যাকাণ্ডের শহিদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি; দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা; মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনসমূহের অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ; গার্মেন্টস/শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা; গার্মেন্টস কারখানা, ঔষধ শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা; সীমান্ত ও পার্বত্যাঞ্চল পরিস্থিতি; রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।
তপন/রিফাত/