রাজধানীর তেজগাঁও এলাকার সাতরাস্তাসহ সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা। উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে তাদের এই বিক্ষোভ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ফ্লাইওভারসহ তেজগাঁও দুইপাশের রাস্তার আটকা পড়েছে সব ধরনের যানবাহন। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না তারা।
তারা জানান, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বরাদ্দ ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য।
শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো দাবি করে বলেন, বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
তাছাড়া, একই দাবিতে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ঢাকা রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ভুরুলিয়া এলাকায় তারা অবরোধ কর্মসূচি শুরু করেন।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যান ফাউন্ডেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিমুলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় জড়ো হয়ে ঢাকা রাজশাহী রেলপথে অবস্থান নেয়। রেলপথ অবরোধ করায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা, বিঘ্নিত হয় ট্রেনের সিডিউল।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, রেলপথ অবরোধ করায় কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
অমিয়/