থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার হওয়া ১৬ বাংলাদেশি নাবিককে দেশে আনার চেষ্টা চালাচ্ছে ওই জাহাজের এজেন্ট ‘আলভী শিপিং লাইন্স বাংলাদেশ লিমিটেড’।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ওই প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি খবরের কাগজকে বলেন, ‘মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসা পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর গভীর সাগরে তলিয়ে গেছে। এখন মূল কাজ হচ্ছে উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফিরিয়ে আনা। সেই কাজটিই করছি আমরা।’
জানা গেছে, গত শনিবার পানামা পতাকাবাহী এমভি সিলয়েড আর্ক নামে জাহাজটি আন্দামান সাগরের ফুকেট উপকূল থেকে প্রায় চার নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ভারসাম্যহীন হয়ে পড়ে। জাহাজে পানি প্রবেশ করে। একপর্যায়ে এটি তলিয়ে যায়। জাহাজটিতে মোট ১৬ বাংলাদেশি ক্রুর মধ্যে কেউই গুরুতর আহত হননি। থাই নৌবাহিনী, স্থানীয় বন্দর কর্তৃপক্ষ ও মাছ ধরার নৌকার সহযোগিতায় দ্রুত উদ্ধারকাজ চালিয়ে সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদের ফুকেটের এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সবার স্বাস্থ্যগত অবস্থাই ভালো বলে জানানো হয়েছে। এরপর তাদের রাখা হয়েছে স্থানীয় একটি হোটেলে।
জাহাজটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ লিমিটেড সূত্রে জানা গেছে, জাহাজটি ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে রওনা দেয়। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। উদ্ধার হওয়া নাবিকদের কয়েক দিনের মধ্যে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাজটি কেন ডুবে গেছে তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে থাই কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
বাংলাদেশ মেরিন সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন খবরের কাগজকে বলেন, ‘ওই জাহাজের ক্যাপ্টেন শেখ মনির আহমদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তাদের দ্রুত দেশে নিয়ে আসা উচিত।’