খাল খনন কর্মসূচিতে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না, দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, ‘আমরা একটি অন্ধকার জগৎ পার করে এসেছি। সেই যুগে ব্যাপক লুটপাট হয়েছে। সেখানে কোনো নির্বাচন হয়নি বছরের পর বছর সবকিছু কুক্ষিগত ছিল। সংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে ফেলা হয়েছিল। সেখান থেকে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যে বাংলাদেশ হবে অসম্প্রদায়িক, প্রগতিশীল, দক্ষিণ এশিয়ার মধ্যে মাথা তুলে দাঁড়াতে চায়।’
সোমবার (১৬ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন, যশোর পানি উন্নয়ন বোর্ডের (সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমিন, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা।
নড়াইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাতিয়াড়া খালের ২ দশমিক ৪০০ মিটার পুনর্খনন করা হচ্ছে। এর জন্য ব্যায় ধরা হয়েছে ৩৫ লাখ ২৮ হাজার ২০৮ টাকা। এ ছাড়া জেলার ৩৩টি খালের ১৩০ কিলোমিটার খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে। এজন্য ব্যায় প্রস্তাবনা করা হয়েছে ৪২ কোটি টাকা।
শরিফুল ইসলাম/অমিয়/