হা সাং জে এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি : সংগৃহীত
বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেওয়া পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, পানি সংকট এখন শুধু পরিবেশগত বা উন্নয়নগত সমস্যা নয়, অনেক দেশের জন্য এটি জীবন-মরণ ইস্যুতে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি)-এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে’র নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, “পানি সমস্যা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ সংকট আরও গভীর। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনার জটিলতা এবং সীমান্তবর্তী নদীর পানিবণ্টন সংকট ভবিষ্যতে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। এ কারণে পানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই।
এ সময় এএডব্লিউসি’র জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে বৈশ্বিক পানি সংকট সমাধানে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের আরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তিনি বাংলাদেশের সংসদ সদস্যদের এএডব্লিউসি’র কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এবং আগামী ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য সংস্থাটির বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।
স্পিকার এএডব্লিউসি’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, ২০১৯ সাল থেকে একটি আইনি ও নীতিগত কাঠামোর মাধ্যমে পানি সংকট সমাধানে সংগঠনটির প্রচেষ্টা প্রশংসনীয়। পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন ইস্যুতে এশিয়ার সংসদ সদস্যদের সম্পৃক্ত করে যে লেজিসলেটিভ উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত হওয়ার বিষয়ে তিনি সুপারিশ করবেন বলেও প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
স্পিকার আরও জানান, লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসি’র পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলে তিনি আশা করছেন।
প্রসঙ্গত, এএডব্লিউসি এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে নীতিগত ও আইনগত সহযোগিতা জোরদারে কাজ করছে।
সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলিস/এসএন