পুরনো ঐতিহ্য লাঙ্গলবন্ধের স্নানোৎসবকে হেরিটেজের অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শপথ নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রীসহ এমপি এবং মন্ত্রীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দিন-রাত সমান করে অফিসে যাই। এমপি, মন্ত্রীরা তিন ঘণ্টাও ঘুমান না। টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। সেই দেশের নতুন স্বপ্ন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটা নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চায়।’
তিনি আরও বলেন, আমরা বিভাজন বিভেদ চাই না। ঐক্য ও শান্তি চাই। এখানে হিন্দুর যে অধিকার, মুসলমানেরও সে অধিকার, খ্রিস্টানেরও সে অধিকার। বিএনপি বিশ্বাস করে বলেই ৫ তারিখের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।
ইমরান হোসেন/অমিয়/