জাতীয় সংসদের নারী সদস্যদের নিয়ে একটি ওয়াজ মাহফিলে ‘কুৎসিত ভাষায়’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে এ ঘটনার বিচার দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের কাছে তিনি এ দাবি জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলাকালে রুমিন ফারহানা বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেছেন, একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, সংসদে উপস্থিত একজন সংসদ সদস্য ওয়াজ মাহফিলে তাকে এবং আরও দুই নারী সংসদ সদস্যকে নিয়ে কদাকার ও কুৎসিত ভাষায় মন্তব্য করেছেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমি এবং আমার আরও দুই নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদের একজন সদস্য প্রকাশ্যে কদাকার ও কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্য শুধু ব্যক্তিগতভাবে আমাদের অপমানই নয়, বরং সংসদের মর্যাদাকেও ক্ষুণ্ন করে।’ এ বিষয়ে স্পিকারের কাছে তিনি বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যের কাছ থেকে এমন ভাষা বা আচরণ প্রত্যাশিত নয়। বিষয়টি সংসদের ভাবমূর্তি ও নারী প্রতিনিধিত্বের প্রতি অসম্মানজনক বলেও উল্লেখ করেন তিনি। জবাবে স্পিকার বলেন, ‘কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংবাদপত্রে প্রকাশিত কোনো প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার তোলা যায় না।’ বিষয়টি উত্থাপনের ক্ষেত্রে সংসদের বিধি অনুসরণের পরামর্শ দেন তিনি।
রুমিন ফারহানার বক্তব্যের পর বিষয়টি সংসদে সংক্ষিপ্ত আলোচনার জন্ম দেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে সংসদে এই প্রথম সরাসরি আপত্তি তোলা হলো।
এলিস/এসজি/