গোপালগঞ্জে চলমান কোনো প্রকল্পের কাজ বন্ধ হবে না বলে জানিয়েছেন, গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমরা তিন এমপি কথা বলেছি, তিনি (প্রধানমন্ত্রী) স্থানীয় সরকারমন্ত্রী ও সচিবকে বলে দিয়েছেন গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ করার জন্য সাড়ে তিনশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচড়িয়া খালের উপর বহু কাঙ্ক্ষিত পাঁচুড়িয়া ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি বাবর আরও বলেন, আমরা মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। আশা করি আমরা একটি সুন্দর বাসযোগ্য গোপালগঞ্জ উপহার দিতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মণ্ডল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, বিএনপি মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।
গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫.৭৪ মিটার দৈর্ঘ্য ও ১৩.২৫ মিটার প্রস্থের ব্রিজটির নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৪০ লাখ টাকা। ব্রিজটি নির্মাণ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের মানুষ উপকৃত হবেন।
প্রসঙ্গ, গত সরকারের সময় রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য এখানকার ব্রিজটি ভেঙে ফেলা হয়। পরে বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন এটি নির্মাণ করা হয়নি।
বাদল সাহা/নাঈম