ঈদুল আজহার পর থেকেই অধিকাংশ সবজির দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে অনেক সবজি এখনো ১০০ টাকার কমে মিলছে না। ডিমও আগের মতো ১৩০ থেকে ১৪০ টাকা ডজন বিক্রি হচ্ছে। মাছের দামও রয়েছে আগের মতো স্থিতিশীল। তবে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। গতকাল সোমবার রাজধানীর হাতিরপুল, কাপ্তান বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
সবজির দাম কমেছে
হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা নুরুল হক খবরের কাগজকে বলেন, বাজারে সবজির সরবরাহ রয়েছে বেশ ভালো। মাল আনা-নেওয়ার খরচও কম। কিন্তু কাঁচা সবজি বেশি দিন রেখে বিক্রি করা যায় না। সময়মতো বিক্রি করার একটা চাপ থাকে।
বাজার ঘুরে দেখা গেছে, কিছু সবজির দাম আগের মতো রয়েছে। আবার ঝিঙ্গা, ধুন্দলের দাম ১০ থেকে ২০ টাকা কমে কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল ৫০ থেকে ৬০ টাকা কেজি, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা কেজি, ঢ্যাঁড়স ও কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি।
তবে কিছু সবজি এখনো ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো ৭০ থেকে ৮০ টাকা কেজি, শসা ৮০ থেকে ১০০ টাকা কেজি, বেগুন ৮০ থেকে ১০০, গাজর ১৪০ টাকা, কাঁচা মরিচ আগের সপ্তাহের তুলনায় ২০ টাকা কমে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে পেঁয়াজ ৪০ টাকা কেজি, আদা-রসুন ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। আর আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকা কেজি।
এই বাজারে মো. মজিদ বলেন, ‘দাম এমন কম থাকলে বাজার করেও শান্তি পাওয়া যায়। আজকে সুযোগ পেয়ে দুই হাতভর্তি বাজার করলাম। পেঁয়াজ, ঝিঙ্গা, আলু, বেগুন অনেক কিছুই কিনলাম। তবে যখন অন্য সবজির দাম বেশি থাকে, তখন বেকায়দায় পড়তে হয়।’
এদিকে ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। সাদা ডিম ১৩০ টাকা, লাল ডিম ডজন ১৪০ টাকা।
মুরগির পাইকারি বাজার কাপ্তান বাজারে সোনালি মুরগি ৩০০ টাকা কেজি, ব্রয়লার ১৫০ থেকে ১৬০ টাকা আর দেশি মুরগি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
কিন্তু হাতিরপুল বাজারে সেই মুরগি ৩০ থেকে ৪০ টাকা বেশিতে বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি বিক্রি করেন, যা আগের সপ্তাহে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগি ২০ টাকা বেড়ে ৩৬০ থেকে ৩৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের দাম রয়েছে আগের মতোই
মাছের দাম রয়েছে আগের সপ্তাহের মতো। হাতিরপুল মাছের বাজারে সুলতান নাইম নামে এক ক্রেতা বলেন, ‘রুই মাছ কিনেছি ৪০০ টাকা কেজি দরে। বাজারে দাম এখন কম। তাই মাঝারি সাইজের রুই মাছ নিলাম। কিছু গরমের সবজিও নিলাম। অনেক দিন পর এমন কম টাকায় বাজার করা হলো।’
হাতিরপুল বাজারের মাছ বিক্রেতা শাহিন আলম খবরের কাগজকে বলেন, ঈদের পর মাছের বাজার এখন অনেকটাই স্বাভাবিক। আগের সপ্তাহের মতোই আছে। রুই মাছের দাম ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি, কাতল মাছ ৪০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৭০০, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি, চাষের কই ২২০ থেকে ২৬০ টাকা। তেলাপিয়া, পাঙাশ ২৫০ থেকে ২৮০ টাকা। ইলিশ মাছ আকারে ছোট (৭০০ গ্রাম) ১ হাজার ২০০ টাকা আর মাঝারি আকারের ১ হাজার ৮০০ টাকা এবং চিংড়ি মাছ ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি।
কমেনি চালের দাম
হাতিরপুল বাজারের চাল বিক্রেতারা জানান, মিনিকেট চাল বিক্রি হচ্ছে মানভেদে কেজিতে ৭০ থেকে ৮৫ টাকায়, স্বর্ণা ও পাইজাম চাল ৫০ থেকে ৬০ টাকায়, লাল চাল ১২০ থেকে ১৪০ টাকায়, নাজিরশাইল ৭২ থেকে ৭৮ টাকায়, কাটারিভোগ ১২০ থেকে ১৩০ টাকা কেজি। খোলা চিনিগুঁড়া চাল ১৫০ টাকায় ও প্যাকেটজাত চিনিগুঁড়া ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।