দেশে যত সংকট দেখা যাচ্ছে, সব তৈরি করা নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আজকে যত সংকট দেখছেন, তা সব তৈরি করা - সব নাটক। এরা অত কিছু বোঝে না, শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই ভোটের মাধ্যমেই আমি আমার এমপি নির্বাচন করব।’
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭নং জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুলের উন্নয়ন করব; মসজিদ-মন্দিরের সংস্কার করব। সেই ব্যবস্থাটায় আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা স্পষ্টভাবে বলছি - আমরা এসব কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘কয়েকটি দল বলছে, নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলছি, গণভোট হলে তা নির্বাচনের দিনই হবে। সাধারণ মানুষ এত কিছু বোঝে না। সত্যি কথা বলেন তো এই গণভোট, সনদ এসব আমরা কি বুঝি? এই সব বোঝে শিক্ষিত কিছু মানুষ, যারা উপরতলা থেকে কিংবা আমেরিকা থেকে এসে এখন আমাদের ঘাড়ে এসব চাপিয়ে দিচ্ছে। আমরা মেনে নিয়েছি- যত পরিবর্তন ও সংস্কার করতে চায়, আমরা রাজি আছি। তবে যেগুলোর সঙ্গে আমরা একমত হব, কেবল সেগুলোই আসবে; যেগুলোর সঙ্গে একমত হব না, তা সংসদে যাবে, সেখানে আলোচনা, বিতর্ক, ভোটাভুটি হবে, তারপর পাশ হবে।’
এই ভোটটা আমাদের জন্য খুব জরুরি একটি ভোট। ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা ভোট দেব, যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার ও সংসদ গঠন করব। বন্ধুরা, আমরা সেই সংসদ গঠন করে দেশকে স্থিতিশীল অবস্থায় নিতে চাই।
কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা যদি ক্ষমতায় আসতে পারি, কৃষক যেন তার সব পণ্যের ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থা আমরা করব। মা-বোনেরা সবচেয়ে বেশি বঞ্চিত। আমরা তাদের ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করব। সরকারে আসতে পারলে ওই কার্ডের মাধ্যমে আমাদের মায়েরা ন্যায্যমূল্যে সব প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন এবং স্বাস্থ্যসেবা পাবেন। এ ছাড়াও কৃষকের জন্য ‘ফার্মার কার্ড’ চালু করা হবে।
আমি ১৯৯১ সাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচন করছি। কখনো জিতেছি, কখনো হেরেছি। কিন্তু আপনাদের ছেড়ে কখনো যাইনি। গত ১৫ বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি, কারণ যে সরকার ছিল, তারা আমাদের নির্বাচনে অংশ নিতে দেয়নি। হাসিনা পালিয়ে গিয়ে অসহায় অবস্থায় রেখে গেছেন তার দলের লোকজনকে। এতে বোঝা যায়, প্রধানমন্ত্রী হাসিনার কর্মী ও জনগণের প্রতি কোনো মায়া বা দরদ নেই। দরদ থাকলে কি পালানো যায়? বন্ধুগণ, আমরা সেই রাজনীতি করি না। আমরা এই মাটির সন্তান- এই মাটিতেই থাকব, এখানেই মরব। নিজের দেশের মাটি ছেড়ে কখনো যাব না।
এটা আমার জীবনের শেষ নির্বাচন। শরীর ভালো নেই- আগামীতে নির্বাচনে অংশ নেওয়ার মতো শক্তি থাকবে কিনা জানি না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন - আমার এই শেষ নির্বাচনে আমাকে সাহায্য ও সহযোগিতা করুন। আমাকে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নবীন/রিফাত/