গোপালগঞ্জ ২ আসনে নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার ৪ সমর্থক আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।
বৌলতলী ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়া লুটুলের সমর্থনে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী মাহিন্দ্রা যোগে নির্বাচনি প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে প্রবেশ করে। এদের মধ্যে ৪ জন কর্মী রাস্তায় চলাচলরত জনসাধারণের মাঝে তাদের লিফলেট বিতরণ করতে থাকে। এ সময় বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার প্রচারণায় বাধা দেয়। কথা কাটাকাটির এর পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়।
এ সময় কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে সেখানেও ঢুকে আবারও মারধর করে ও তাদের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন এবং ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে সেনা সদস্যরাও সেখানে গিয়ে হাজির হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান মুঠোফোনে বলেন, এটা নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাদল সাহা/সুমন/