বর্তমানে সরকারি দপ্তরগুলোয় প্রয়োজনীয় পরিষেবা গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত দীর্ঘসূত্রতার কারণে জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। একটি সাধারণ নথি জমা বা অনুমোদন পেতে বারবার দপ্তরে যেতে হয়। অনেক সময় ফাইল অযথা দেরিতে অগ্রসর হয়, প্রয়োজনীয় তথ্য বা নির্দেশনা সময়মতো পাওয়া যায় না, ফলে কাজ সম্পন্ন হতে অকারণে বিলম্ব ঘটে। এতে সাধারণ মানুষের সময়, শ্রম ও অর্থের অপচয় হওয়ায় সরকারি সেবার প্রতি আস্থা কমে যাচ্ছে। এমতাবস্থায় সেবাদান প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করা অত্যন্ত জরুরি। সেজন্য কর্মপদ্ধতির সুশৃঙ্খল ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা সম্প্রসারণ, দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রতিটি পরিষেবার নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
জাফরিন ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]