ঢাকা-খুলনা মহাসড়কের ‘ঝিনাইদহ থেকে যশোর’ পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার সড়কের বেহাল দশা চোখে পড়ার মতো। এ মহাসড়কটি ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার যানবাহন যাতায়াত করে থাকে। পরিতাপের বিষয়, মহাসড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। ফলে মহাসড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে চালকদের ধীরে ধীরে সাবধানে যানবাহন চালতে হয়। ফলে পথচারীদের অনেক সময়ের অপচয় হচ্ছে। রাস্তার পিচ উঠে গিয়ে ধুলাবালি পরিবেশ নষ্ট করছে এবং পথচারীদের চরম দুর্ভোগের মুখে ঠেলে দিচ্ছে। মহাসড়কের বেহাল দশার কারণে এখানে দুর্ঘটনার ঝুঁকিও কয়েক গুণ বেড়েছে। এমতবস্থায়, মহাসড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
[email protected]