প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে আমাদের ব্যাংকগুলোকে দ্রুত আধুনিকায়নের পথে এগোতে হবে। ব্যাংকগুলোর আধুনিকায়ন কেবল একটি প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বশর্ত। অনেক ব্যাংক এখন অনলাইন ব্যাংকিং চালু করলেও সেবার মান ও নিরাপত্তা এখনো সুবিধাজনক নয়। প্রচলিত ব্যাংকগুলোর অনেক শাখায় এখনো ম্যানুয়াল প্রক্রিয়া, ধীরগতির সার্ভার ও সীমিত অনলাইন সুবিধা রয়েছে। আধুনিক কোর ব্যাংকিং সফটওয়্যার, রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউস এবং শক্তিশালী সাইবার সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ঋণ মূল্যায়ন ব্যবস্থাও বিবেচনায় আনা যেতে পারে। দেশে ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সহজ ঋণ আবেদন, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কেওয়াইসি ব্যবস্থার সম্প্রসারণ এ ব্যবধান কমাতে পারে। এতে ক্ষুদ্র উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহজ হবে। ব্যাংক কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবায় পেশাদারত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মপরিবেশ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন। অনলাইন অ্যাকাউন্ট খোলা, তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তি এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট চালু করা সময়ের দাবি। প্রযুক্তি, সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক অন্তর্ভুক্তির সমন্বিত উদ্যোগ ছাড়া ব্যাংক খাতের টেকসই আধুনিকায়ন সম্ভব নয়। সঠিক নীতিমালা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশ বৈশ্বিক মানের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারে।
মুহাম্মদ জাহাঙ্গীর ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]