সম্প্রতি দেশে বিশেষ করে নগর অঞ্চলে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। চলতি পথে যেকোনো সময় ছিনতাইকারীরা যেন যমদূতের মতো সামনে এসে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের সর্বস্ব লুটে পালিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে সন্ধ্যার পর তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে। প্রতিদিন অফিস যাত্রী, ব্যবসায়ী কিংবা সাধারণ পথচারী আতঙ্ক নিয়ে বাসা থেকে বের হন। শহরের অলিগলি থেকে শুরু করে ব্যস্ত সড়ক- সবখানেই যেন ছিনতাইকারীদের অবাধ বিচরণ। গলায় ধারালো ছুরি ঠেকিয়ে বা অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, ব্যাগ, টাকা-পয়সা কিংবা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে গেলে ভুক্তভোগীকে শারীরিকভাবে জখম করা হয়। যানজটে রিকশা বা অটোর নারী যাত্রীদের কানে-গলায় থাকা স্বর্ণালঙ্কার টান দিয়ে ছিঁড়ে নেওয়ার ফলে কানের লতি ছিঁড়ে যাওয়া কিংবা গলার চেইন টানতে গিয়ে আঘাত লাগার মতো ঘটনাও ঘটছে। ফলে প্রতিদিন শহরের পথে বের হওয়া মানুষকে এখন নিরাপত্তাহীনতার ভয় নিয়ে চলাফেরা করতে হচ্ছে। অনেক এলাকায় পর্যাপ্ত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের অভাব থাকায় ছিনতাইকারীরা সহজেই সুযোগ পাচ্ছে। অতি দ্রুত এ সমস্যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শহরের অলিগলি, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করতে হবে এবং সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে। অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা যাতে পরবর্তীতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। এ ব্যাপারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করছি।
মো. শাহরিয়ার সৌরভ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]