বর্তমানে দেশে মাদকাসক্তের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয়, ১ কোটির বেশি মানুষ এতে জড়িত, যার বড় অংশই তরুণ। অনেকে নেশার খরচ জোগাতে অপরাধে লিপ্ত হচ্ছে। আগে ফেনসিডিলের প্রচলন থাকলেও এখন ইয়াবা বেশি ছড়িয়েছে, আর সাম্প্রতিক সময়ে ‘আইস’ বা ক্রিস্টাল মেথ নতুন উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ হয়নি; বিশেষত মায়ানমার সীমান্ত ও চোরাচালান চক্রের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে দেশে কঠোর আইন ও শাস্তির বিধান রয়েছে; হেরোইন, ফেনসিডিল, আফিম, মরফিন, গাঁজা, ভাং ইত্যাদির উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বেচাকেনা ও ব্যবহার নিষিদ্ধ এবং গুরুতর অপরাধ। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখা এবং চোরাচালানিদের জামিন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
আসিফ আল মাহমুদ
ফ্রিল্যান্স রাইটার/কলামিস্ট, পাহাড়তলী, চট্টগ্রাম
[email protected]