চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার প্রাণকেন্দ্র ‘বারইয়ারহাট পৌরসভা’ সদর। বর্তমানে এখানে ডাকঘর (পোস্ট অফিস) নেই! না পাঠক ভুল পাঠ করেননি, একটি প্রথমশ্রেণির পৌরসভা হওয়ার পরও ডাকঘরের অস্তিত্ব এখন খুঁজে পাবেন না এখানে। অথচ সমগ্র মিরসরাইবাসীর সার্বক্ষণিক মিলনমেলা বারইয়ারহাট সর্বাগ্রে সর্বোচ্চ মানের ডাকঘর প্রতিষ্ঠার দাবিদার। অবশ্য মহাজনহাট (৪৩২৬) সাবপোস্ট অফিসের হিঙ্গুলী শাখাটি প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল সেবা যে ছোট্ট কুঁড়েঘরটিতে বসে এতদিন দিয়ে আসছিল, তা ভেঙে পৌরসভার উন্নয়নযজ্ঞ চলাকালীন ডাকঘরটি বর্তমানে অস্থায়ীভাবে কোনো এক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নিলেও, তা বারইয়ারহাট পোস্ট অফিসের অস্তিত্ব বিলীনের শঙ্কাই জাগাচ্ছে নাগরিকদের মনে।
সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চরম উদাসীনতা ও নির্লিপ্ততায় চমৎকার উপযোগিতা থাকার পরও এখানে সাবপোস্ট অফিস আদৌ হয়ে ওঠেনি। অথচ বারইয়ারহাট কলেজ ডাকঘর নামকরণের সহজশর্তে প্রয়োজনীয় ভূমি বরাদ্দে একপায়ে দাঁড়িয়ে রয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমতাবস্থায় বারইয়ারহাটে সাবপোস্ট অফিস স্থাপনে ডাকবিভাগ গড়িমসি না করলেই হয়।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ
বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম-৪৩২৬
[email protected]