রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলতি বৈশাখে কৃষিজমিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা একটি গুরুতর সংকটে পরিণত হয়েছে। স্থানীয় কৃষি অফিস ও মাঠ পর্যায়ের কৃষকদের তথ্য অনুযায়ী, টানা অতিবৃষ্টি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং খাল-নালা দখল ও ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশনব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বহু কৃষিজমি দীর্ঘদিন পানির নিচে ডুবে রয়েছে।
এ সময়ে সাধারণত বোরো ধান কাটা ও মাড়াই শেষ পর্যায়ে থাকে এবং আউশ ধানের প্রস্তুতি শুরু হয়। কিন্তু জলাবদ্ধতার কারণে অনেক স্থানে বোরো ধান কাটার পরপরই জমিতে পানি জমে থাকায় নতুন চাষাবাদ সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও ধান কাটার আগেই খেত পানিতে তলিয়ে কাটা ধান নষ্ট হচ্ছে। এ ছাড়া ঢ্যাঁড়স, শসা, করলা, লাউ, বেগুন ও মরিচসহ গ্রীষ্মকালীন সবজি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আউশ ধানের বীজতলা ও চারা পানিতে পচে যাওয়ায় কৃষকদের পুনরায় বীজতলা তৈরি করতে হচ্ছে, ফলে উৎপাদন ব্যয় বাড়ছে এবং অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হয়।
আব্দুল্লাহ হুমায়ুন
আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]