বিয়ের সময় হলে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। অভাব-অনটন ও সামাজিক দায়বদ্ধতার কারণে বিয়ে করতে ভয় পান। ইসলামে বিয়ে সহজ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সর্বাধিক বরকতপূর্ণ বিয়ে হলো, যা সহজ ও স্বাভাবিক।’ (মুসনাদে আহমাদ, হাদিস:২৪৫২৯)
এখানে দ্রুত ও সহজে বিয়ের আমল তুলে ধরা হলো—
১. গুনাহ ছাড়ুন, পবিত্র জীবন গড়ুন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর কর্তব্য। এর মধ্যে তৃতীয় ব্যক্তি হলো, যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়।’ (তিরমিজি, হাদিস: ১৬৫৫)
২. সুরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি বেশি বেশি পাঠ করুন, বিশেষত পাঁচ ওয়াক্ত নামাজের পর। আয়াতটি হলো—
বাংলা উচ্চারণ: 'রাব্বানা হাবলানা মিন আজওয়া জিনা, ওয়া জুররিই ইয়াতিনা কুররাতা আইউনিন ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা।'
বাংলা অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।
৩. সুরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াত পড়ুন—
বাংলা উচ্চারণ: 'সুবহানাল্লাজি খলাকল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরজু, ওয়া মিন আংফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন।'
বাংলা অর্থ: পবিত্র সে সত্তা, যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির—যা উৎপন্ন করে জমিন, আর তাদের নিজেদের ভেতরেও আর সেসবেও যা তারা জানে না। প্রতিদিন এশার নামাজের পর শুরুতে ১১ ও শেষে ১১ বার দরুদ পড়ে আয়াতটি পাঠ করতে হবে ৩৩১৩ বার। (আমালে কোরআনী, ২৫)
৪. অনেকের উপযুক্ত মেয়ের বিয়ের প্রস্তাব আসছে না। তাদের কর্তব্য হলো, অজু করে দুই রাকাত নামাজ পড়বে। নামাজ শেষে ‘ইয়া লাতিফু’ ১০০ বার পড়বে। এ আমল এক মাস চালিয়ে যাবে। (এলাজে কোরআনী, ১৪৬)
৫. বিভিন্ন তাফসিরে বলা হয়েছে সুরা আহজাব নিয়মিত পাঠ করলে আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। কিছু কিছু বর্ণনায় সুরা দোহা, মারইয়াম, ইয়াসিন ও তাসবিহে ফাতেমির কথাও উল্লেখ আছে। উল্লিখিত আমলের অধিকাংশই কোরআন-হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে এগুলো পূর্ববর্তী পির-মাশায়েখ, আলেম-বুজুর্গদের পরীক্ষিত আমল—যা খুবই কার্যকর এবং ফলপ্রসূ।
লেখক: শিক্ষার্থী, মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া, উত্তর বাড্ডা