কেমন করে আঁকা যায় সেই রূপময় কান্তি, যা অনুভবময় হয়েও অনুভবের ঊর্ধ্বে, স্পর্শময় হওয়ার পরও স্পর্শ করা যায় না যাঁকে, অঙ্গময় হওয়ার পরও আঙ্গিক কাঠামো যাঁর বর্ণনার ঊর্ধ্বে, স্নিগ্ধ বর্ণময়তার শোভায় পিছলে যায় চোখ যাঁর দর্শনে! সমস্ত উপমা যেখানে হারায় তার উপমেয়তা, তুলনা যেখানে অতুলনীয় বলেও হয় না বলার শেষ।
বলো, কেমন করে আঁকা যাবে সেই কান্তিময় নাসিকাগ্রের নুর, দর্শকের যেখানে ঘটত দৃষ্টিবিভ্রম, যাতে তাঁর নুরময় নাসিকা আরও, আরও একটু উঁচু মনে হতো! বাণী নির্ঝরণীর সময় সেই শিশির-পিছল স্ফটিক দন্তরাজির ফাঁকে ফাঁকে অঙ্গহীন গড়িয়ে পড়ত পবিত্র মুখগহ্বরের স্ফুলিঙ্গ, আভাময় দীপ্তি। কেমন করে আঁকবে তাঁকে!
আঁকা গেল কি? তিনি তো ছিলেন ‘খালকান’ ও ‘খিলকাতান’ শারীরিক গঠন ও স্বভাবচরিত্র উভয় সৌন্দর্যেরই পরিপূর্ণতায় পূর্ণময়, সৃষ্ট সৌন্দর্যের সব দিক চূড়ান্ত হয়েছে এখানে, শেষ এখানেই। তাই যে যেখানেই এবং যখনই তাঁর সম্পর্কে বলতে গিয়েছে, সব কথার শেষ কথা বলে শেষ করেছে এখানেই, ‘খোদার পরে তুমিই শ্রেষ্ঠ’। খোদার পরে শ্রেষ্ঠ মানুষটাকে নিয়েই উৎকৃষ্ট ও অনন্য বই আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি ২।
রাসুলুল্লাহ (সা.) মুমিন-মুসলমানের আদর্শের বাতিঘর। তাঁর আদর্শের অনুসরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাঁর আদর্শের অনুসরণের জন্য প্রয়োজন তাঁকে জানা। তাঁর জীবনাচার নিজের মধ্যে ধারণ করা— এজন্য প্রয়োজন তাঁর জীবন নিয়ে রচিত নির্ভরযোগ্য বই পাঠ। আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি ২ বইটি নির্ভরযোগ্য ও সুখপাঠ্য। এই বইটি পাঠককে রাসুলুল্লাহ (সা.)-এর নির্ভরযোগ্য জীবন জানতে সাহায্য করবে।
এ বইটিতে ৮টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে রাসুলুল্লাহ (সা.)-এর হিজরত, মদিনা নগরী ও এর আদিবাসীগণ, ইহুদিদের আগমন, মদিনায় ইসলাম, মদিনায় জুমার নামাজের প্রচলন, হিজরি বর্ষের সূচনা, কুবায় প্রথম মসজিদ নির্মাণসহ মদিনাকেন্দ্রিক নানা ইতিহাস তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ে মদিনার জীবনযাপন, মদিনার সমাজ ও সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, মসজিদে নববি নির্মাণ, সাহাবিদের ভ্রাতৃত্ববন্ধন, নবিজিকে হত্যাচেষ্টা, মদিনায় স্ত্রী ও পরিবার-পরিজন আনয়নের ইতিহাস বর্ণনা হয়েছে।
তৃতীয় অধ্যায়ে জিহাদ, গাজওয়া ও সারিয়া, টহলদারি দল এবং কয়েকটি ছোট যুদ্ধের বিবরণ রয়েছে। চতুর্থ অধ্যায়ে বদর যুদ্ধের বিস্তারিত ইতিহাস ও দ্বিতীয় হিজরি সনের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে। পঞ্চম অধ্যায়ে উহুদ যুদ্ধের ইতিহাস ও তৃতীয় হিজরি সনের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার বিবরণ রয়েছে।
ষষ্ঠ অধ্যায়ে ইহুদিদের বিশ্বাসঘাতকতা এবং নিরাপত্তা চুক্তি লঙ্ঘন, সপ্তম অধ্যায়ে অত্যাশ্চর্য ঘটনার সমাহার ছিল যে যুদ্ধ, সে যুদ্ধের বিবরণ এবং চতুর্থ হিজরির কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরা হয়েছে। অষ্টম অধ্যায়ে খন্দকের যুদ্ধের বিস্তারিত বর্ণনা আলোচিত হয়েছে।
বইটি লিখেছেন এ দেশের প্রখ্যাত আলেম, ফিদায়ে মিল্লাত সাইয়েদ আসআদ মাদানি (রহ.)-এর খলিফা, কওমি মাদরাসার শিক্ষাসনদের স্বীকৃতির রূপকার, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। এটি আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি’র দ্বিতীয় খণ্ড। এ খণ্ডে রাসুলুল্লাহ (সা.)-এর মদিনাকেন্দ্রিক জীবনী তুলে ধরা হয়েছে। প্রথম খণ্ড ছিল নবিজির জন্ম থেকে শুরু করে মদিনা হিজরতের পূর্ব পর্যন্ত লেখা।
লেখকের ক্ষুরধার লেখনী পাঠকমহলে বেশ সমাদৃত। তার সুখময় গদ্যের সুনাম আছে বাংলাভাষী পাঠকের কাছে। এ বইটি সাবলীল ভাষায় চমৎকার গদ্যে লেখা। বইটির ভাষা ও উপস্থাপনা পাঠককে নন্দিত করবে। জানার পরিধি বিস্তৃত করবে। জীবন সুন্দর করবে। আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে ভালোবাসা বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। যারা নবিজির নির্ভরযোগ্য জীবন ও আদর্শ নিজেদের মধ্যে ধারণ করতে চান, তাদের জন্য এ বই।
৫১০ পৃষ্ঠার হার্ডকভারের রুচিশীল বাঁধাই ও মানসম্মত মুদ্রণে বইটি প্রকাশ করছে পাথেয় পাবলিকেশন্স। বইটি পরিবেশন করছে সুলতানস। রকমারি.কম, ওয়াফিলাইফ.কম, বইফেরী.কমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বইটি পাওয়া যাবে। সরাসরি সুলতানস থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজ পেইজে।
বই : আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি ২
লেখক : ফরীদ উদ্দীন মাসউদ
প্রকাশক : পাথেয় পাবলিকেশন্স
পরিবেশক : সুলতানস
পৃষ্ঠা সংখ্যা : ৫১০
মুদ্রিত মূল্য : ৮০০/- টাকা
মোবাইল : ০১৭১১৯৯৪৪৪৪
লেখক : আলেম ও সাংবাদিক