মৃত্যু চিরন্তন সত্য। প্রতিটি প্রাণীকেই মরতে হবে। মৃত্যু ভুলে থাকা যায়, কিন্তু এর থেকে পালিয়ে বেড়ানো যায় না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো, তবুও।’ (সুরা নিসা, আয়াত: ৭৮)
মৃত ব্যক্তির কাফন-দাফনের ব্যবস্থা করা জীবিতদের ওপর ঈমানি দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয় সে দুই কিরাত নেকি পাবে। আর যে শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলেন, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি।’ (বুখারি, ৪৭)
মানুষের মৃত্যুর পর যত দ্রুত সম্ভব কাফন-দাফনের ব্যবস্থা করতে হবে। প্রথমে গোসল দিতে হয়। পরে কাফনের কাপড় পরানোর পর পড়তে হয় জানাজা। জানাজার পর তাড়াতাড়ি দাফন শেষ করতে হবে। মৃতকে কবরে রাখার পর তার ওপর মাটি দিতে হয়। মাটি দেওয়ার সময় কোরআনের একটি আয়াত পড়তে হয়। আয়াতে তিনটি অংশ আছে, তিনবার মাটি দেওয়ার সময় তিনটি অংশ পড়বে।
আবু উমামা (রা.) বলেন, যখন রাসুলুল্লাহ (সা.)-এর কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখা হয় তখন রাসুলুল্লাহ (সা.) বললেন,
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى
বাংলা উচ্চারণ: মিনহা খালাকনাকুম ওয়া ফি হা নুয়িদুকুম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
বাংলা অর্থ: আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আর মাটিতেই তোমাদের ফিরিয়ে আনব। পুনরায় তোমাদের মাটি থেকে বের করব। (সুরা তহা, আয়াত: ৫৫)
প্রথমবার মাটি দেওয়ার সময় ‘মিনহা খালাকনাকুম’, দ্বিতীয়বার ‘ওয়া ফিহা নুয়িদুকুম’ আর তৃতীয়বার ‘ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা’ বলতে হয়। (বায়হাকি, ৬৯৭৩)
কবরে মরদেহ রাখার দোয়া
মৃতকে কবরে রাখার সময়ও দোয়া পড়তে হয়। দোয়াটি হলো—
بِسْمِ الله وَ عَلَى سُنَّةِ رَسُوْلِ الله بِسْمِ اللهِ وَ عِلَى مِلَّةِ رَسُوْلِ الله
বাংলা উচ্চারণ: বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসুলিল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ।
বাংলা অর্থ: আল্লাহতায়ালার নামে রাসুলুল্লাহ (সা.)-এর তরিকার ওপর রাখা হচ্ছে।
লেখক: আলেম ও সাংবাদিক