জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীবের ‘নকীব পদক’ পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবর।
বুধবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।
পদক প্রদান ও জাতীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ২১ বছর ধরে শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ধারাবাহিক প্রকাশিত হওয়া এবং এই পরিবারের উদ্যোগে পদক প্রদান অনুষ্ঠানে গুণীজনকে সম্মাননা দেওয়া সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক। ৫০ বছর আগে আলেমদের মধ্য থেকে কোনো ভালো লেখক, অনুবাদ পাওয়া যেতো না। পাওয়া যেতো না ভালো কোনো গল্পকার অথবা কবি। মহান আল্লাহর শোকর, এখন ভালো অনুবাদক, লেখক উঠে আসছে এবং ভালোমানের কাজ করছেন অনেকেই।
নকীবের সভাপতিমণ্ডলীর সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর মাওলানা লিয়াকত আলী, ২০২১ সালের নকীব পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক এনায়েত রসুল, ২০২২ এর পদকপ্রাপ্ত লেখক আহমেদ রিয়াজ, মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, বার্তা২৪ ডটকমের সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বিশিষ্ট লেখক ও গবেষক আমীমুল ইহসান, মাসিক নকীবের সাবেক সভাপতিমণ্ডলীর সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান মিরাজ রহমান, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রায় একুশ বছর ধরে প্রকাশিত মাসিক নকীব গত কয়েক বছর ধরে প্রতি বছর গুণী লেখকদের পদক দিয়ে আসছে। এর আগে এই পদক পেয়েছেন কথাসাহিত্যিক এনায়েত রসুল, আহমেদ রিয়াজ, মুহাম্মাদ যাইনুল আবিদীন, ইয়াহইয়া ইউসুফ নদভী। মরণোত্তর এই পদক পেয়েছেন মাওলানা মুহিউদ্দীন খান ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর।
রায়হান/মিরাজ রহমান