বিতর নামাজ ওয়াজিব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিতর নামাজ হক ও ওয়াজিব।’ (দারা কুতনি, হাদিস: ১৬৪০)। তাউস (রহ.) তার পিতা থেকে বর্ণনা করে বলেন, ‘বিতর নামাজ ওয়াজিব। কাজা হয়ে গেলে তা আদায় করতে হবে।’ (মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস: ৪৫৮৭)
অন্যান্য নামাজের মতোই বিতর নামাজ আদায় করতে হয়। তবে তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলিয়ে তাকবির বলে হাত বেঁধে দোয়া কুনুত পড়তে হয়। আনাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মৃত্যু পর্যন্ত কুনুত পড়েছেন। আবু বকর (রা.)ও মৃত্যু পর্যন্ত কুনুত পড়েছেন, উমর (রা.)ও মৃত্যু পর্যন্ত কুনুত পড়েছেন।’ (মাজমাউজ জাওয়াইদ, ১/১৩৯)
দোয়া কুনুত না পারলে করণীয়
রাসুলুল্লাহ (সা.) দোয়া কুনুত হিসেবে বিভিন্ন দোয়া পাঠ করেছেন। হাদিসে বর্ণিত দোয়াগুলো দ্রুত শেখা উচিত। দোয়া কুনুত না পারলে ‘রাব্বানা আতি না ফিদ্দুন ইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কি না আজাবান নার’ এই আয়াত পাঠ করা যায়। কুনুতের উদ্দেশ্যে দোয়াসংবলিত এক বা একাধিক আয়াতও পড়া যায়। ‘আল্লাহুম্মাগ ফিরলি’ তিনবার পাঠ করলেও বিতর আদায় হয়ে যায়। (ফাতাওয়া হিন্দিয়া, ১/১৭০, ফাতাওয়া তাতারখানিয়া,২/৩৪৪)
আরও পড়ুন: দোয়া কুনুতের বাংলা উচ্চারণ ও অর্থ
বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। দোয়া কুনুত ছাড়া নামাজ আদায় হয় না। পুনরায় নামাজ আদায় করতে হয়। যদি ভুলক্রমে বিতর নামাজে দোয়া কুনুত না পড়া হয়, তা হলে সিজদায়ে সাহু করতে হয়। অন্যথায় বিতর নামাজ সহিহ হবে না। হাসান (রহ.) বলেন, ‘যে ব্যক্তি দোয়া কুনুত ভুলে যায়, সে সিজদায়ে সাহু আদায় করবে।’ (সুনানুল কুবরা, বাইহাকি, হাদিস: ৩৯৮৩)
দোয়া কুনুত না পড়ে ভুলে রুকুতে চলে গেলে দোয়া কুনুতের জন্য রুকু থেকে ফিরে আসার প্রয়োজন নেই। বরং যথারীতি বাকি নামাজ পূর্ণ করে সাহু সিজদার মাধ্যমে নামাজ শেষ করবে। অবশ্য রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়লে পুনরায় রুকু করবে না। কারণ রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়ার দ্বারা আগের রুকু বাতিল হয় না। কিন্তু এক্ষেত্রেও সিজদায়ে সাহু করতে হবে। (বাদায়েউস সানায়ে, ১/৪১৩; ফাতাওয়া খানিয়া, ১/১২১)
দোয়া কুনুতের বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাসতা ইনুকা, ওয়া নাসতাগ ফিরুকা, ওয়া নুমিনু বিকা, ওয়া নাতা ওয়াক্কালু আলাইকা, ওয়ানুস নি আলাইকাল খাইর, ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাক ফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, মাই য়াফ জুরুকা, আল্লাহুম্মা ইইয়াকা নাবুদু, ওয়া লাকা নুসল্লি, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাসআ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা, ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক।
দোয়া কুনুতের বাংলা অর্থ
হে আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আপনার কাছে হেদায়েত কামনা করছি। আপনার কাছে ক্ষমার আবেদন করছি। আপনার কাছে তওবা করছি। আপনার প্রতি বিশ্বাস স্থাপন করছি। আপনার ওপর ভরসা করছি। আপনার সব কল্যাণের প্রশংসা করছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার অনুগ্রহ অস্বীকার করি না। আমরা পৃথক চলি এবং পরিত্যাগ করি এমন লোকদের, যারা আপনার বিরুদ্ধাচরণ করে। হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি। এবং আপনারই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নামাজ পড়ি ও সিজদা করি। আপনার প্রতিই আমরা ধাবিত হই এবং আমরা আপনার আজাব ভয় করি। নিশ্চয়ই আপনার প্রকৃত আজাব কাফেরদের ওপর পতিত হবে। (শরহু মাআনিল আসার, হাদিস: ১৪৭৫; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৩০৩৩৫)
লেখক: আলেম ও মাদরাসা শিক্ষক