ঈদুল আযহা এলে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আমাদের দেশের কিছু এলাকায় দরিদ্রদের মাঝে ঈদের দিন মোরগ কোরবানি করার একটি প্রচলন দেখা যায়, যা শরিয়তের দৃষ্টিতে না জায়েজ।
এখানে বিষয়টা হলো, ঈদের দিনে মোরগ জবাই করা নিষেধ নয়। আপনি প্রয়োজনে বা খাওয়ার উদ্দেশ্যে মোরগ জবাই করতেই পারেন। তবে এটিকে কোরবানির নিয়তে করা যাবে না। অর্থাৎ, ঈদের যে কোরবানি, যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা হয়, সেই ইবাদতের উদ্দেশ্যে মোরগ কোরবানি বৈধ নয়।
এর কারণ হলো, ইসলামে কোরবানির জন্য সুনির্দিষ্ট কিছু পশুকে নির্ধারণ করা হয়েছে। যেমন- উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এই পশুগুলোই কোরবানির জন্য নির্ধারিত এবং এগুলোর দ্বারাই কোরবানি আদায় হয়। মোরগ বা অন্য কোনো পাখি দ্বারা কোরবানি আদায় হয় না, এমনকি তা কোরবানির সওয়াবও বহন করে না।
অতএব, যদি কেউ কোরবানির সওয়াবের আশায় মোরগ জবাই করেন, তবে তিনি সওয়াব তো পাবেনই না, বরং একটি অননুমোদিত কাজ করার কারণে গুনাহগার হওয়ার আশঙ্কা থাকে। তাই এই বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকা উচিত এবং শরীয়তের বিধান মেনেই কোরবানি করা উচিত। মনে রাখতে হবে, ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর নির্দেশ পালন এবং তার সন্তুষ্টি অর্জন।
লেখক: আলেম,গবেষক ও সাংবাদিক