ইসলামী ব্যাংকিংয়ে কোনো সুদ ধার্য করা হয় না। কারণ ইসলামী শরিয়াহ্ মোতাবেক সুদ হারাম। এর পরিবর্তে আমরা শরিয়াহ্সম্মত মুনাফার হার নির্ধারণ করা হয়। চুক্তির সময়ই গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। এর ফলে লেনদেনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হয়। গ্রাহক নিশ্চিন্ত থাকেন- তার বিনিয়োগে কোনো লুকানো চার্জ বা অনিশ্চয়তা নেই। এভাবে আমরা শুধু শরিয়াহ্ভিত্তিক সমাধানই দিচ্ছি না, বরং মানুষকে দিচ্ছি আত্মিক প্রশান্তি।
খবরের কাগজ: গৃহবিনিয়োগ নিয়ে আপনার প্রতিষ্ঠানের পরিকল্পনা ও কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে?
এস এম আবু জাফর: আবাসন শুধু একটি কাঠামো নয়; এটি নিরাপত্তা, পরিবার ও জীবনের স্বপ্নের প্রতীক। মানুষের এই মৌলিক চাহিদা পূরণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক চালু করেছে শরিয়াহ্ভিত্তিক গৃহবিনিয়োগ সেবা। মধ্যবিত্ত, প্রবাসী ও পরিশ্রমী চাকরিজীবীরা যেন সহজে ও নিরাপদে নিজের আবাসন গড়ে তুলতে পারেন, আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। আমাদের কাছে গৃহবিনিয়োগ শুধু আর্থিক কার্যক্রম নয়, বরং একটি সামাজিক দায়িত্ব। আমরা মনে করি, একটি স্থায়ী আশ্রয় প্রতিটি পরিবারের স্থিতিশীলতা, শান্তি ও উন্নতির ভিত্তি।
খবরের কাগজ: সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা পর্যন্ত গৃহবিনিয়োগ দেওয়া হয়?
এস এম আবু জাফর: আমরা গ্রাহকের আয়, কিস্তি পরিশোধের সামর্থ্য ও প্রকল্পের আকার অনুযায়ী অর্থায়ন করে থাকি। আমাদের স্কিমে ন্যূনতম ৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহবিনিয়োগ করা যায়। যেমন- একজন চাকরিজীবী তার স্বল্প আয় দিয়েও ছোট ফ্ল্যাট বা আবাসন করার জন্য বিনিয়োগ নিতে পারেন। আবার বৃহৎ পরিসরে নির্মাণ করতে আগ্রহী গ্রাহকের জন্যও আমাদের বিনিয়োগ সুবিধা রয়েছে।
খবরের কাগজ: গৃহবিনিয়োগে কত শতাংশ সুদ ধার্য করেন?
এস এম আবু জাফর: ইসলামী ব্যাংকিংয়ের মূল পার্থক্য এখানেই। আমরা কোনো সুদ ধার্য করি না। কারণ ইসলামী শরিয়াহ্ মোতাবেক সুদ হারাম। এর পরিবর্তে আমরা শরিয়াহ্সম্মত মুনাফার হার নির্ধারণ করি। চুক্তির সময়ই গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। এর ফলে লেনদেনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হয়। গ্রাহক নিশ্চিন্ত থাকেন- তার বিনিয়োগে কোনো লুকানো চার্জ বা অনিশ্চয়তা নেই। এভাবে আমরা শুধু শরিয়াহ্ভিত্তিক সমাধানই দিচ্ছি না, বরং মানুষকে দিচ্ছি আত্মিক প্রশান্তি।
খবরের কাগজ: বিনিয়োগ আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয়?
এস এম আবু জাফর: প্রাথমিকভাবে জাতীয় পরিচয়পত্র, চাকরি বা ব্যবসার প্রমাণপত্র, আয়-ব্যয়ের হিসাব, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন এবং জমির বৈধ কাগজপত্র প্রয়োজন হয়। প্রয়োজনে আমরা অতিরিক্ত তথ্য চাইতে পারি। আমরা গ্রাহকের সময় ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেই। এ জন্যই আমাদের কর্মকর্তারা সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন।
খবরের কাগজ: বিনিয়োগ অনুমোদন ও প্রসেস হতে কত সময় লাগে?
এস এম আবু জাফর: প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সাধারণত ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যেই গৃহবিনিয়োগ অনুমোদন সম্পন্ন হয়। তবে কাগজপত্র যাচাই, সম্পত্তির মূল্যায়ন এবং আইনি পর্যালোচনার ওপর সময় কিছুটা ভিন্ন হতে পারে। আমাদের লক্ষ্য সব সময়- গ্রাহকের স্বপ্নকে দীর্ঘসূত্রতায় না ফেলে দ্রুততম সময়ে বাস্তবায়ন করা।
খবরের কাগজ: বিনিয়োগ-গ্রহীতার যোগ্যতা কীভাবে যাচাই করা হয়?
এস এম আবু জাফর: আমরা শুধু ডকুমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত দিই না; বরং গ্রাহকের সার্বিক আর্থিক অবস্থার মূল্যায়ন করি। এর মধ্যে থাকে আয়-উৎসের স্থায়িত্ব, চাকরি বা ব্যবসার প্রমাণ, কিস্তি পরিশোধের সক্ষমতা এবং পূর্ববর্তী আর্থিক আচরণ। আমাদের উদ্দেশ্য হলো নিশ্চিত হওয়া যে, গ্রাহক তার গৃহবিনিয়োগের দায়বদ্ধতা সহজে ও নিশ্চিন্তে বহন করতে পারেন।
খবরের কাগজ: চাকরিজীবী না ব্যবসায়ী- কে বেশি গৃহবিনিয়োগ পান?
এস এম আবু জাফর: উভয় শ্রেণিই আমাদের কাছে সমানভাবে যোগ্য। চাকরিজীবীদের নিয়মিত আয়ের কারণে প্রক্রিয়া সহজ ও দ্রুত হয়। আবার ব্যবসায়ী যদি তার আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা প্রমাণ করতে পারেন। তবে তিনি বেশি অঙ্কের বিনিয়োগও পেতে পারেন। আমরা মূলত গ্রাহকের সক্ষমতা ও সততাকেই অগ্রাধিকার দিই।
খবরের কাগজ: কোভিড মহামারির পর গৃহবিনিয়োগের চাহিদায় কী পরিবর্তন এসেছে?
এস এম আবু জাফর: মহামারি মানুষের জীবনধারা ও অগ্রাধিকারে বড় পরিবর্তন এনেছে। মানুষ এখন নিরাপদ, স্থায়ী ও নিজস্ব আবাসনের দিকে বেশি ঝুঁকছে। বিশেষত তরুণ প্রজন্ম তাদের কর্মজীবনের প্রারম্ভেই নিজের আবাসনের মালিক হতে আগ্রহী। আমরা এই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নমনীয় ও সহজ শর্তে গৃহবিনিয়োগ স্কিম চালু করেছি। তরুণ প্রজন্ম আরও সচেতন ও দূরদর্শী। তারা মনে করে, জীবনের শুরুতেই আবাসন নির্মাণ মানে নিরাপত্তা, সম্মান ও ভবিষ্যতের নিশ্চয়তা। আমাদের ব্যাংক এই তরুণদের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নমনীয় শরিয়াহ্ভিত্তিক প্যাকেজ দিচ্ছে।
খবরের কাগজ: বর্তমানে মানুষ কী ধরনের বাড়ি বেশি কিনছেন- সাধারণ না প্রিমিয়াম?
এস এম আবু জাফর: বাংলাদেশের আবাসন বাজারে মূল চালিকাশক্তি মধ্যবিত্ত। তাই বর্তমানে সাধারণ ও মাঝারি মানের ফ্ল্যাটের চাহিদাই সবচেয়ে বেশি। তবে উচ্চ আয়ের গ্রাহকদের মধ্যেও প্রিমিয়াম ফ্ল্যাটের চাহিদা রয়েছে। আমরা উভয় ক্ষেত্রেই শরিয়াহ্সম্মত বিনিয়োগ সুবিধা দিচ্ছি।
খবরের কাগজ: আপনারা কি নতুন কোনো গৃহবিনিয়োগ কর্মসূচি চালু করেছেন? করলে তা কতটা সাশ্রয়ী ও সহজলভ্য?
এস এম আবু জাফর: হ্যাঁ, আমরা সম্প্রতি HPSM সেমিপাকা বিনিয়োগ চালু করেছি, যা বিশেষ করে মধ্যবিত্ত ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও সহজলভ্য। এ কর্মসূচির মাধ্যমে তারা স্বল্প খরচে ও দীর্ঘ মেয়াদে নিজের আবাসন গড়ে তুলতে পারছেন।
খবরের কাগজ: প্রথমবার গৃহবিনিয়োগ নিতে আসা গ্রাহকদের জন্য আপনার পরামর্শ কী?
এস এম আবু জাফর: প্রথমবার গৃহবিনিয়োগ নেওয়ার আগে গ্রাহকের উচিত নিজের আর্থিক সামর্থ্য ভালোভাবে যাচাই করা। প্রয়োজনীয় সব ডকুমেন্ট সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা, শরিয়াহভিত্তিক ব্যাংক বেছে নেওয়া, মুনাফার হার, কিস্তির সময়কাল ও শর্তগুলো ভালোভাবে বুঝে নেওয়া।প্রয়োজনে আমাদের অভিজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি পরামর্শ করলে তারা সর্বোচ্চ দিকনির্দেশনা দিবেন।
খবরের কাগজ: অন্য ব্যাংকও তো গৃহবিনিয়োগ দিচ্ছে। প্রতিযোগিতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিশেষত্ব কী?
এস এম আবু জাফর: আমাদের বিশেষত্ব হলো- সুদমুক্ত ও শরিয়াহ্সম্মত বিনিয়োগ ব্যবস্থা, গ্রাহকের সঙ্গে ন্যায্য ও স্বচ্ছ লেনদেন, দ্রুততম প্রসেসিং ও সহজ ডকুমেন্টেশন, প্রতিযোগিতামূলক মুনাফার হার এবং সর্বোপরি গ্রাহকের আস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। আমরা শুধু অর্থায়ন করি না, বরং গ্রাহকের স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে উঠতে চাই।
খবরের কাগজ: ঢাকার বাইরের শহরগুলোতে আপনারা কি কোনো ব্যবস্থা রাখছেন?
এস এম আবু জাফর: আমাদের ব্যাংক দেশব্যাপী বিস্তৃত। ঢাকা ও বড় শহর ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমাদের শাখা, সাব-ব্রাঞ্চ ও এজেন্ট পয়েন্টের মাধ্যমে শরিয়াহ্ভিত্তিক গৃহবিনিয়োগ সুবিধা পাচ্ছেন। আমরা বিশ্বাস করি- প্রত্যেক মানুষকেই তার নিজস্ব আবাসন বানানোর সুযোগ দিতে হবে।
খবরের কাগজ: নিম্ন আয়ের বা সুবিধাবঞ্চিত গ্রাহকদের জন্য কী ধরনের সুযোগ দিচ্ছেন?
এস এম আবু জাফর: আমাদের গৃহবিনিয়োগ প্রক্রিয়া শুধু বাণিজ্যিক উদ্যোগ নয়; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। তাই নিম্ন আয়ের মানুষের জন্য আমরা রেখেছি দীর্ঘমেয়াদি কিস্তি, সহজশর্ত ও ন্যূনতম প্রসেসিং খরচ। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া অংশও যেন নিজের আবাসন নির্মাণে সক্ষম হয়।
খবরের কাগজ: গ্রাহকরা গৃহবিনিয়োগ নেওয়া ও কিস্তি পরিশোধে কী পদক্ষেপ নিলে ভালো হয়?
এস এম আবু জাফর: গ্রাহকের উচিত নিয়মিত আয়ের উৎস নিশ্চিত করা, সময়মতো কিস্তি পরিশোধ করা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনে ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। এগুলো মেনে চললে গৃহবিনিয়োগ প্রক্রিয়া হবে নির্বিঘ্ন, স্বচ্ছ ও সফল। আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি দৃঢ়ভাবে বিশ্বাস করে, শরিয়াহ্ভিত্তিক সুদমুক্ত বিনিয়োগ শুধু আর্থিক সহায়তা নয়; বরং মানুষের স্বপ্ন পূরণের নৈতিক, নিরাপদ ও কল্যাণকর পথ।