স্বাস্থ্য খাতকে মানব উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম মৌলিক সূচক হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক চিকিৎসা কেবল রোগ নিরাময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর মধ্যে রয়েছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, দ্রুত রোগ নির্ণয়, প্রমাণভিত্তিক চিকিৎসা এবং রোগীকেন্দ্রিক যত্ন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে আছে জনসংখ্যার চাপ, সীমিত সরকারি স্বাস্থ্য অবকাঠামো ও অপর্যাপ্ত মানবসম্পদ। এসব কারণে সরকারি হাসপাতালগুলো প্রায়ই রোগীর চাহিদা পূরণে ব্যর্থ হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় জিডিপির মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ, যেখানে দক্ষিণ এশিয়ার গড় ১ দশমিক ২ শতাংশ এবং বৈশ্বিক গড় ৫ শতাংশ। এই সীমিত সরকারি ব্যয়ের কারণে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে বেসরকারি খাতের ওপর। এখন স্বাস্থ্যসেবার প্রায় ৭০ শতাংশ খরচ জনগণ ব্যক্তিগতভাবে বহন করে। এর একটি বড় অংশ ব্যয় হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে।
বাংলাদেশে বেসরকারি হাসপাতালের প্রসার শহরকেন্দ্রিক। তবে ধীরে ধীরে জেলা শহর, উপজেলা ও প্রান্তিক এলাকায়ও বিস্তার লাভ করছে। উন্নত চিকিৎসা প্রযুক্তি, দক্ষ চিকিৎসক, দ্রুত সেবা এবং রোগীকেন্দ্রিক ব্যবস্থাপনা বেসরকারি হাসপাতালগুলোকে রোগীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। বলা যায়, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় বেসরকারি হাসপাতাল এখন একটি অপরিহার্য অঙ্গ, যা সরকারি খাতের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আধুনিক চিকিৎসায় বেসরকারি হাসপাতালের অবদান
১. উন্নত প্রযুক্তির প্রয়োগ
বাংলাদেশের অধিকাংশ আধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রথমে বেসরকারি খাতে চালু হয়। যেমন: রোবোটিক সার্জারি, মডুলার অপারেশন থিয়েটার, লিভার ট্রান্সপ্লান্ট, ক্যানসার রেডিওথেরাপি (লিনাক) ইত্যাদি। সরকারি হাসপাতালে এসব প্রযুক্তি সীমিত হলেও বেসরকারি খাতে দ্রুত বিস্তার ঘটছে। উদাহরণস্বরূপ, ঢাকার এভারকেয়ার হাসপাতালে দক্ষিণ এশিয়ার মধ্যে অগ্রণী লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট গড়ে তোলা হয়েছে। ইউনাইডেট হাসপাতালে রয়েছে ব্রাকিথেরাপি ও কোল্ড কেপ থেরাপি।
বেসরকারি হাসপাতালগুলোতে পিইটি-স্ক্যানের মতো অত্যাধুনিক ইমেজিং সুবিধা এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) রয়েছে, যা জীবন রক্ষাকারী চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিইউ, সিসিইউ, এনআইসিইউর মতো ইউনিটগুলো বেসরকারি হাসপাতালের মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই ধরনের অত্যাধুনিক সুবিধা সরকারি হাসপাতালে সীমিত থাকায় রোগীরা বেসরকারি হাসপাতালের দিকে বেশি আকৃষ্ট হচ্ছেন।
২. রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা
বেসরকারি হাসপাতালগুলো রোগীকে শুধু চিকিৎসা নয়, মানসিক স্বস্তি এবং আরামদায়ক পরিবেশও দেয়। পরিচ্ছন্নতা, উন্নত মানের খাদ্য, ব্যক্তিগত কেবিন, ২৪/৭ হেল্পলাইন, ইলেকট্রনিক হেলথ রেকর্ড (ইএইডআর) এবং রোগীর আত্মীয়ের সঙ্গে ক্লিনিক্যাল ডিসিশন শেয়ারিং নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে ঢাকা কমিউনিটি হসপিটালের উদাহরণ টানা যায়, যেখানে কমিউনিটি বেজড ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে। এই রোগীকেন্দ্রিক সেবা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় একটি নতুন সংস্কৃতি তৈরি করেছে, যা সরকারি খাতের তুলনায় অনেক বেশি উন্নত।
৩. দক্ষ জনবল উন্নয়ন
বেসরকারি হাসপাতালগুলো দেশে কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম ও সাব-স্পেশালিটি ট্রেনিং আয়োজন করছে। যেমন স্কয়ার হাসপাতাল চিকিৎসকদের বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথ প্রোগ্রামে যুক্ত করছে। এ ছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠান নার্সিং এডুকেশনাল ইনস্টিটিউট স্থাপন করেছে, যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে নার্স তৈরি হচ্ছেন। এর ফলে চিকিৎসক ও নার্সরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে দক্ষ হচ্ছেন, যা সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন ঘটাচ্ছে।
৪. গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা
অনেক বেসরকারি হাসপাতাল নতুন চিকিৎসা পদ্ধতি ও ফার্মাসিউটিক্যাল গবেষণায় অর্থায়ন করে। এ ছাড়া আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা কেন্দ্রের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করে তারা ক্লিনিক্যাল ট্রায়াল এবং নতুন চিকিৎসা উদ্ভাবনে সহায়তা করছে। এই অবদান বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ।
৫. কর্মসংস্থান ও অর্থনৈতিক অবদান
বাংলাদেশের স্বাস্থ্য খাতে বেসরকারি হাসপাতাল প্রধান এমপ্লয়ার। বর্তমানে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে আনুমানিক আড়াই থেকে তিন লাখ মানুষ সরাসরি কর্মরত। শুধু চিকিৎসক নন, নার্স, ফার্মাসিস্ট, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ল্যাব টেকনোলজিস্টসহ নানা পেশাজীবীর জন্য নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।
বেসরকারি হাসপাতালগুলো শুধু কর্মসংস্থান সৃষ্টি করছে না, বরং মেডিকেল সরঞ্জাম, ফার্মাসিউটিক্যাল পণ্য এবং অন্য সহায়ক শিল্পেরও প্রসার ঘটাচ্ছে। এ ছাড়া বিদেশি রোগীদের আকর্ষণ করে তারা চিকিৎসা পর্যটনের কেন্দ্র হিসেবে কাজ করছে, যা দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস তৈরি করছে।
৬. আন্তর্জাতিক মানের চিকিৎসা
কিছু বেসরকারি হাসপাতাল আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যেমন Joint Commission International (JCI) accreditation। Evercare Hospital Dhaka এবং Apollo Gleneagles Kolkata-এর মধ্যে যৌথ প্রকল্প বাংলাদেশি রোগীদের বিশ্বমানের চিকিৎসা দেশে দিচ্ছে। ফলে বিদেশমুখী রোগীর সংখ্যা কিছুটা কমেছে। বিশেষ করে ক্যানসার, কিডনি, এবং কার্ডিয়াক সার্জারি- যেখানে আগে বিদেশ নির্ভরতা বেশি ছিল, সেখানে এখন প্রাইভেট হাসপাতাল বড় ভূমিকা রাখছে।
চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা
১. ব্যয়বহুল চিকিৎসা
বেসরকারি হাসপাতালের চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় তা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। একটি সাধারণ সার্জারিতেও সরকারি হাসপাতালের তুলনায় কয়েক গুণ বেশি খরচ হয় বেসরকারিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যক্তিগত ব্যয় প্রায় ৭০ শতাংশের কাছাকাছি, যার বড় অংশই বেসরকারি হাসপাতালে যায়। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার হার বাড়ছে।
২. মান নিয়ন্ত্রণের অভাব
যদিও বড় বেসরকারি হাসপাতালগুলো আন্তর্জাতিক মান বজায় রাখে, কিন্তু ছোট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর অনেকটিই লাইসেন্সিং, মান নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের ঘাটতি রয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচ রিপোর্ট অনুযায়ী, অনেক প্রতিষ্ঠান প্রশিক্ষণহীন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সেবা দেয়, যা রোগীর জন্য হুমকি।
৩. অতিরিক্ত বাণিজ্যিকীকরণ
অপ্রয়োজনীয় টেস্ট, বেশি দামে ওষুধ বিক্রি এবং অপ্রয়োজনীয় ভর্তি করানোর মতো বিষয়গুলো বাণিজ্যিকীকরণের অভিযোগ হিসেবে উঠেছে। এ ধরনের চর্চা রোগীর আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যসেবার প্রতি আস্থাহীনতা তৈরি করছে।
৪. গ্রাম-শহর বৈষম্য
উন্নতমানের বেসরকারি হাসপাতালগুলো প্রধানত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় সীমাবদ্ধ। গ্রামীণ এলাকায় বেসরকারি স্বাস্থ্যসেবা বলতে বেশির ভাগ ক্ষেত্রে ছোট ডায়াগনস্টিক সেন্টার ও চেম্বার বোঝানো হয়, যেখানে উন্নত প্রযুক্তি বা বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন না। ফলে শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগে বিশাল বৈষম্য তৈরি হয়েছে।
৫. দক্ষ জনবলের ঘাটতি
বেসরকারি খাত অনেক চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়। তবে বিশেষায়িত ক্ষেত্র- যেমন ক্রিটিকাল কেয়ার, নিউরোসার্জারি, ক্যানসার চিকিৎসা ইত্যাদিতে দক্ষ জনবল সীমিত। এ ছাড়া বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা ও পর্যাপ্ত বেতন না থাকায় অনেক চিকিৎসক বিদেশমুখী হচ্ছেন, যা দীর্ঘ মেয়াদে দক্ষ জনবলের সংকট তৈরি করছে।
৬. নীতিমালা ও তদারকির দুর্বলতা
বেসরকারি হাসপাতালের জন্য নির্দিষ্ট রেগুলেশন থাকলেও এর বাস্তবায়ন সীমিত। যেমন: লাইসেন্স নবায়ন, ক্লিনিক্যাল স্ট্যান্ডার্ড, ও রোগীর অধিকার রক্ষায় সঠিক তদারকি হয় না। এর ফলে মানহীন ও ব্যয়বহুল সেবা অব্যাহত থাকে।
সুপারিশ এবং ভবিষ্যৎ কৌশল
১. সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP)
বাংলাদেশে বেসরকারি হাসপাতালের প্রসার থাকলেও এর সুবিধা গ্রামীণ জনগোষ্ঠী সহজে পায় না। এ সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP) কার্যকর হতে পারে। উদাহরণস্বরূপ, সরকার অবকাঠামো বা জমি সরবরাহ করলে বেসরকারি প্রতিষ্ঠান সাশ্রয়ী দামে সেবা দিতে পারবে। এতে দুর্বল অঞ্চলে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
২. স্বাস্থ্য বিমা বিস্তার
বাংলাদেশে স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ আসে ব্যক্তিগত ব্যয় থেকে, যা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা গ্রহণকে বাধাগ্রস্ত করে। সর্বজনীন স্বাস্থ্য বিমা বা ভর্তুকিকৃত বিমা চালু হলে মানুষের আর্থিক চাপ কমবে এবং বেসরকারি হাসপাতালের সেবা বেশির ভাগ মানুষের নাগালে আসবে।
৩. মান নিয়ন্ত্রণ ও রেগুলেশন জোরদার
প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য মানসম্মত লাইসেন্সিং, রেগুলেশন এবং নিয়মিত অডিট বাধ্যতামূলক করা উচিত। বাংলাদেশ হেলথ ওয়াচের (২০১৭) সুপারিশ অনুযায়ী একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠন করা যেতে পারে, যা সেবার মান নিশ্চিত করবে।
৪. ডিজিটাল হেলথ সার্ভিস
টেলিমেডিসিন, ই-হেলথ প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবহার করলে গ্রামীণ জনগোষ্ঠীও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেতে পারে। কোভিড-১৯ মহামারির সময় টেলিমেডিসিনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে এ খাতকে আরও সম্প্রসারণ করতে হবে।
৫. গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন
বেসরকারি হাসপাতালগুলোকে মেডিকেল শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণায় বিনিয়োগ করতে হবে। নিয়মিত CME (Continuing Medical Education) আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করলে চিকিৎসকরা সর্বশেষ চিকিৎসা কৌশল ও প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকতে পারবেন।
৬. কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটার ব্যবহার
রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বিগ ডেটা ব্যবহার রোগীর সেবা উন্নত করতে পারে। বিশেষ করে ক্যানসার, হৃদরোগ ও জটিল সার্জারিতে AI দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত দিতে সক্ষম।
৭. স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি
সরকারি স্বাস্থ্য বাজেট জিডিপির মাত্র শূন্য দশমিক ৭ শতাংশের মতো কম। এই অনুপাত ধাপে ধাপে বাড়াতে হবে, যাতে প্রাইভেট সেক্টরের ওপর অতিরিক্ত নির্ভরতা কমে এবং মানসম্মত সেবা সবার জন্য সহজলভ্য হয়।
উপসংহার
বাংলাদেশের স্বাস্থ্য খাতে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উন্নত প্রযুক্তি, বিশেষজ্ঞ চিকিৎসক, রোগীকেন্দ্রিক সেবা এবং আন্তর্জাতিক মানদণ্ডের কারণে এসব হাসপাতাল আধুনিক চিকিৎসা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে। এ কারণে অনেক রোগী এখন বিদেশে না গিয়েও দেশে মানসম্পন্ন চিকিৎসা পাচ্ছেন, যা স্বাস্থ্য খরচ কমাতে সহায়তা করছে।
তবে চ্যালেঞ্জও কম নয়। অতিরিক্ত ব্যয়, মান নিয়ন্ত্রণের ঘাটতি, বাণিজ্যিকীকরণ এবং গ্রাম-শহর বৈষম্য এখনো বড় সমস্যা। অনেক ছোট ও মাঝারি প্রাইভেট হাসপাতাল দক্ষ জনবলের অভাবে নিম্নমানের সেবা দিচ্ছে, যা রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
ভবিষ্যতে যদি সরকারি-বেসরকারি অংশীদারত্ব, স্বাস্থ্য বিমা সম্প্রসারণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং মান নিয়ন্ত্রণের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা যায়, তবে বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন ও সর্বজনীন স্বাস্থ্যসেবা (UHC) অর্জনে বড় অবদান রাখতে সক্ষম হবে।