৪৩ তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন আগের দুই আসরের চ্যাম্পিয়ন নোশিন আনজুম। এর সুবাদে ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেলেন তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে একাদশ ও শেষ রাউন্ডে ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবুর মুখোমুখি হন নোশিন। শিরোপা নিশ্চিত করতে এই ফিদে মাস্টারের ড্র করলেই চলতো। এদিন ছয় চালের পরই খুশবুকে ড্রর প্রস্তাব দেন তিনি। খুশবুও সেটা মেনে নেন। ফলে জাতীয় নারী দাবায় শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন থাকে নোশিনের।
বাংলাদেশ নৌবাহিনীর এই নারী ফিদে মাস্টার ২০২২ সালে প্রথমবার জাতীয় নারী দাবায় চ্যাম্পিয়নের স্বাদ পান। ২০২৩ সালে প্রতিযোগিতা হয়নি। ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখলেন তিনি।
নোশিনের আগে জাতীয় নারী দাবায় হ্যাটট্রিক শিরোপার কীর্তি আছে শুধু একজনেরই। তিনি কিংবদন্তি রানী হামিদ। এই আন্তর্জাতিক মাস্টার একবার টানা ছয়বার চ্যাম্পিয়নের কৃতিত্ব দেখান। পরে আরেকবার টানা তিনচার চ্যাম্পিয়ন হন।
খুব ছোট থেকেই দাবায় পরিচিত মুখ নোশিন। জাতীয় নারী দাবায় খেলছেন ২০১৬ সাল থেকে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।