বৈষম্যবিরোধী আন্দোলনের ভিত্তিতে নির্মিত ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বুধবার (১৯ মার্চ) রুলসহ এ আদেশ দেন আদালত। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
আদালত থেকে বের হওয়ার পর তিনি জানান, তিন দিনের মধ্যে সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন আদালত। চলচ্চিত্রটির প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলালের পক্ষে এ রিট করেন আইনজীবী।
আশরাফুর রহমানের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পারভেজ আবির চৌধুরী, সালেহা খানম নাদিয়া, লুৎফর রহমান জর্জসহ অনেকে। চলচ্চিত্রটি নির্মাণ শেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। গত ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রিভিউ করলেও এখনো প্রদর্শনের অনুমতি পাননি সংশ্লিষ্টরা। যার পরিপ্রেক্ষিতে দুইবার আইনি নোটিশ দেওয়া হয়। এতে সাড়া না পেয়ে এই রিট করা হয়। রিটে তিন দিনের মধ্যে মুক্তির নির্দেশনা চেয়ে প্রয়োজক হাইকোর্টে রিট করেন। তথ্য ও সম্প্রচার সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও উপপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।