পাকিস্তানকে রক্ষায় যুক্তরাষ্ট্র ও চীনের সব কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয়বারের মতো ভেটো দেয় রাশিয়া। এই দিনই বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর।
তৎকালীন গভর্নর হাউসে জেনারেল নিয়াজির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের বৈঠক চলাকালে মিত্রবাহিনীর বিমান গভর্নর হাউসে বোমাবর্ষণ করে। পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর ডা. এ এম মালিক তখন দলবলসহ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় নেন। হানাদার বাহিনী সবদিকে অবরুদ্ধ হয়ে পড়ায় জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠান, ‘আরও সাহায্য চাই’।
১৩ ডিসেম্বর অকুতোভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়েন। লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহর ‘এস’ ফোর্স ঢাকার উদ্দেশে রওনা হয়ে ঢাকার উপকণ্ঠ ডেমরায় পৌঁছায়। যৌথবাহিনীর অগ্রবর্তী সেনা দল শীতলক্ষ্যা ও বালু নদী অতিক্রম করে ঢাকার ৫-৬ মাইলের মধ্যে পৌঁছে যায়। বাংলাদেশের নিয়মিত বাহিনীর সর্বপ্রথম ইউনিট হিসেবে ঢাকার শীতলক্ষ্যার পূর্বপাড়ে মুরাপাড়ায় পৌঁছায়।
৫৭ নম্বর ডিভিশনের দুটো ব্রিগেড এগিয়ে আসে পূর্বদিক থেকে। উত্তর দিক থেকে আসে জেনারেল গন্ধর্ব নাগরার ব্রিগেড এবং টাঙ্গাইলে নামা ছত্রীসেনারা। পশ্চিমে ৪ নম্বর ডিভিশনও মধুমতী পার হয়ে পৌঁছে যায় পদ্মার তীরে। এদিন মেজর হায়দার ২-৩টি গ্রুপ নিয়ে রূপগঞ্জে প্রবেশ করে ডেমরা দিয়ে। ২ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধারাও ঢাকার দিকে চলে আসেন। সবার লক্ষ্য একটাই, ঢাকাকে মুক্ত করা।
এদিন নিরস্ত্র জনতা রাস্তায় নেমে আসে। চারদিকে উড়তে থাকে বাঙালির বিজয় নিশান। বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। কুমিল্লার ময়নামতিতে আত্মসমর্পণ করে ১ হাজার ১৩৪ জন পাকিস্তানি সেনা। আর সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় আত্মসমর্পণ করে ৪৮ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়কসহ ১০৭ পাকিস্তানি সেনা।
এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগীয় প্রধান কামাল লোহানী, আলী যাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবর্তন ও পরিবেশন করেন। প্রতি মুহূর্তে খবর আসছে- ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত।
পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা একে একে দেশের শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে।