উন্নয়নের বয়ানে স্বৈরাচারী রাজনীতি চক্র সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘উন্নয়নের বয়ানে স্বৈরাচারী রাজনীতি চক্র সৃষ্টি হয়। প্রাতিষ্ঠানিক কাঠামোর আড়ালে আমলাদের সঙ্গে উর্দি পড়া রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা এ চক্রে জড়িয়ে পড়েন।’
তিনি বলেন, ‘রাজনৈতিক প্রাতিষ্ঠানিকিকরণের মাধ্যমে ব্যক্তি, গোষ্ঠী বা দলের কারণে অর্থনীতি চাপে পড়ে। যে ধরনের রাজনীতি পরিচালনা হয়েছে তার বহিপ্রকাশ ঘটে অর্থনীতিতে। এরপর অর্থনীতি বিকলাঙ্গ হয়ে পড়ে। এতে ব্যাংকে খেলাপি বাড়ে, বিভিন্ন প্রকল্প ব্যয় বাড়ে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রের সমস্যা চিহ্নিত করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ করা হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এ পর্যন্ত বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্টদের সঙ্গে ৪০টি সভা করেছে। এ ব্যাপারে বিদেশি ঋণ দাতা সদস্যদের সঙ্গেও সভা করে তাদের মতামত নেওয়া হবে।’
এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সানেম’র নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর/পপি।