বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকার নেপথ্যে কয়েকটি বড় ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানকে দায়ী করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ শুক্রবার এ বিষয়ে তার ফেসবুক পেইজে পোস্ট দেন।
তিনি লিখেছেন, ‘কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিডস (DDoS) আক্রমণ চালাচ্ছে, যার ফলে এসব আইএসপি ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এই আক্রমণগুলোর লোড কিছু ক্ষেত্রে ৫০০ থেকে ৭০০ গিগা পর্যন্ত হয়, যা ছোট নেটওয়ার্কের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব। এতে ছোট আইএসপি-রা তাদের গ্রাহক হারাচ্ছে, এবং বড় কোম্পানিগুলো অন্যায্যভাবে বাজার দখল করছে।’
ডিডস আক্রমণ হল, একাধিক উৎস থেকে একই সময়ে লক্ষ্যবস্তু (ওয়েবসাইট/সার্ভার/নেটওয়ার্ক)-এ প্রচুর ট্রাফিক/রিসোর্স অনুরোধ পাঠিয়ে সেটা অচল বা ধীরগতির করে ফেলা।
ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ন্যাশনাল আইএসপি কোম্পানিগুলোর কেউ কেউ নতুন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্সিংয়ের ভুল ব্যাখ্যা করে ছোট আইএসপিগুলোর অস্তিত্ব থাকবে বা এমন ভয় দেখিয়ে দখল করার চেষ্টা করছে। এ কর্মকাণ্ডকে সরকার অপরাধ হিসেবে গণ্য করছে।
তিনি জানান, আইসিটি বিভাগ ও বিটিআরসি যৌথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আইএসপি সিন্ডিকেট যেন ইন্টারনেট পরিষেবা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য আইসিটি বিভাগ তৎপর রয়েছে।
নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় সুস্পষ্টভাবে বলা আছে যে, ছোট আইএসপিগুলো বর্তমানের অপারেটিং এরিয়ার পাশাপাশি পুরো জেলায় অপারেট করতে পারবে। আইএসপি নবায়নের ক্ষেত্রে ন্যাশনাল আইএসপি পর্যায়ে লাইসেন্স ফি কিছুটা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। উপজেলা পর্যায়ে ক্ষতিগ্রস্থ আইএসপি প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘আমরা পরিকল্পনা নিচ্ছি যাতে জেলা পর্যায়ের লাইসেন্স ফি আরও যুক্তিসংগত করা যায় (দরকারে কিছুটা কমিয়ে)—যাতে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা টিকে থাকতে পারেন। আমরা আইএসপিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) হিসেবে বিবেচনা করি, তাই তাদের স্বার্থ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
জয়ন্ত/মাহফুজ