ডেঙ্গু নিয়ন্ত্রণে বসতবাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা উপর গুরুত্ব দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সেই লক্ষ্যে ডিএসসিসির ১৫ নং ওয়ার্ডে (ধানমন্ডি) এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের নয় শতাধিক পরিচ্ছন্নতা ও মশক কর্মী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে লেক, ড্রেন, নর্দমা ও ফুটপাতের ময়লা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়।
এছাড়া জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের সামাজিক সংগঠন ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি আবাসিক এলাকা করদাতা সমিতির অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি এবং লিফলেট বিতরণ করা হয়।
ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, সিটি কর্পোরেশনের কাজের সঙ্গে নগরবাসীর সম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি অঞ্চলের নিজস্ব প্রত্যাশা, চাহিদা ও পরামর্শ সম্পর্কে আমরা জানতে পারি। সে অনুযায়ী পরিকল্পনা করে ফলপ্রসূ কাজ করতে পারি। সুন্দর, বাসযোগ্য, পরিচ্ছন্ন, মশা ও দূষণমুক্ত নগর গড়ার প্রত্যাশা করে প্রশাসক বাসাবাড়ি, দোকান, বিপণি-বিতানের ময়লাগুলো যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।
পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলামসহ বিভাগীয় প্রধানগণ এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজু/এসএন